নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ক্রিকেটের এখন ভীষণ দুঃসময়। সেটা মাঠে এবং মাঠের বাইরে দু জায়গাতেই! কয়েক দিন আগে শ্রীলঙ্কার কাছে ৭৫ রানে অলআউট হওয়ার লজ্জায় জর্জরিত পাকিস্তান অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে শোয়েব মালিককে। সেই ঘটনা টাটকা থাকতে থাকতেই রোববার এক সঙ্গে দুটো দুঃসংবাদ পেয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। এ বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার হারিয়েছে তারা। এবং ২০০৬ সালের বিতর্কিত ওভাল টেস্টে ইংল্যান্ডকেই বিজয়ী ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। রোববার শেষ হওয়া বোর্ড মিটিংয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত দুটো নিঃসন্দেহে পাকিস্তানের জন্য বিশাল ধাক্কা।
গত সেপ্টেম্বরে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা থাকলেও ৫টি দেশের আপত্তির কারণে ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল। তবে স্থগিত হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশাবাদী ছিল টুর্নামেন্টটা আয়োজনের ব্যাপারে। কিন্তু সেই 'আশার গুড়ে বালি ঢেলে' দিয়ে রোববার আইসিসি জানিয়ে দিয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে না। কারণ সেই একই --- নিরাপত্তাহীনতার আশঙ্কা! বেশ কয়েকটি দেশের প্রতিনিধি মিটিংয়ে যে আশঙ্কার কথা ব্যক্ত করায় এই টুর্নামেন্ট আয়োজনের অধিকার হারিয়েছে পাকিস্তান।
হারিয়েছে ওভাল টেস্টে ড্র করার আনন্দও। ঐ টেস্টের চতুর্থ দিনে চা-বিরতির পর ইনজামামের দল আর খেলতে রাজি না হওয়ার 'অপরাধে' ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। পরে পাকিস্তানের প্রতিবাদের কারণে গত জুলাইয়ে ফলাফল পরিবর্তন করে ম্যাচটাকে ড্র ঘোষণা করে আইসিসি। কিন্তু ক্রিকেটের আইন-প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে কোনো ম্যাচের ফল পরিবর্তন করা যাবে না। তাই বিতর্কিত ওভাল টেস্টে ইংল্যান্ডকেই বিজয়ী ঘোষণা করেছে আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/
bdnews24