২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের ধর্মঘট অব্যাহত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র হুশিয়ারিতেও কাজ হয়নি। জাতীয় লিগের নির্বাচিত কোনো ক্রিকেটারই বুধবার ক্যাম্পে যোগ দেননি। লিগ বয়কটের সিদ্ধান্তে তারা এখনও অনড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র হুশিয়ারিতেও কাজ হয়নি। জাতীয় লিগের নির্বাচিত কোনো ক্রিকেটারই বুধবার ক্যাম্পে যোগ দেননি। লিগ বয়কটের সিদ্ধান্তে তারা এখনও অনড়। বৃহস্পতিবার বিসিবির জরুরি সভা শেষেই বোঝা যাবে কোন দিকে গড়াচ্ছে জাতীয় লিগের ভাগ্য। বিসিবির নির্বাহী কমিটির সিদ্ধান্তের ওপরই পরবর্তী পদক্ষেপ নেবে ক্রিকেটার কল্যাণ সমিতি (কোয়াব)। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন,'আমাদের বিশ্বাস নির্বাহী কমিটির সভা থেকে একটি গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে। তাদের সিদ্ধান্ত ক্রিকেটারদের জন্য ইতিবাচক হলে আমরা অবশ্যই জাতীয় লিগে অংশ নেবো।' এদিকে বিসিবির আহবানে সাড়া না দেয়ায় ক্রিকেটারদের ওপর কর্মকর্তারা বেশ ক্ষুব্ধ। তাদের অনেকে প্রয়োজনে বিকল্প ক্রিকেটারদেরও জাতীয় লিগে খেলানোর পক্ষে। আবার কেউ কেউ মনে করেন, আইসিসি স্বীকৃত একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটে যাকে-তাকে খেলানো ঠিক হবে না। ধর্মঘট পত্যাহার না করলে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পক্ষে নন টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু, বললেন,'বিসিবিকে ফাঁদে ফেলে সুবিধা আদায় করা যাবে না। তাদেরকে আমরা বলেছি ধর্মঘট প্রত্যাহার করে খেলায় ফিরলেই আলোচনা হবে। তারা আমাদের কথা রাখেননি, নির্বাহী কমিটি এখন যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১৫ ঘ.