মেলবোর্ন, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ দিনের খেলা শেষে মনে হচ্ছিল মেলবোর্ন টেস্ট সব উত্তেজনার পসরা সাজিয়েছে পঞ্চম দিনের জন্য। কিন্তু পঞ্চম দিনের প্রথম ওভারেই সব উত্তেজনার ইতি টেনে দিলেন মিচেল জনসন। উমর আকমল ও মিসবাউল হককে বিদায় করে দিলেন, তার সাথে ধ্বংস যজ্ঞে যোগ দিলেন নাথান হরিটজ। পরিণাম, বক্সিং টেস্টের শেষ দিনে আগের দিনের ৩ উইকেটে ১৭০ রানের সাথে আর মাত্র ৮১ রান যোগ করে গুটিয়ে গেলো মোহম্মদ ইউসুফের দল। ভাগ্যে জুটলো ১৭০ রানের বিশাল পরাজয়।
পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭ টি উইকেট, আর পাকিস্তানের ২৫২ রান। প্রথম ওভারেই পাকিস্তানের নির্ভরযোগ্য দুই মিডেল অর্ডার ব্যাটসম্যানকে বিদায় করে সফরকারীদের মেরুদন্ড ভেঙ্গে দেন জনসন। আর স্পিনার নাথান হরিটজ ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করায় পঞ্চম দিনের লাঞ্চের একটু পড়েই ২৫১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। সতীর্থদের যাওয়া-আসার মাঝে অধিনায়ক ইউসুফ একাই লড়াই করেছেন (৬১)।
প্রথম ইনিংসে অসিদের করা ৪৫৪ রানের জবাবে পাকিস্তান করেছিল ২৫৮ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২২৫ রান করে ইনিংস ঘোষণা করায় সফরকারীদের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ৪২২ রান।
এই জয়ের ফলে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার ঝুলিতে জমা হলো ৭ টি টেস্ট জয়। ৩ টি করে টেস্ট তারা হেরেছে এবং ড্র করেছে। ২০০৮ সালে পরিসংখ্যানটি ছিল এমন ৫-৫-৪।
দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের কারনে মেলবোর্ন টেস্টের ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শেন ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩০২ ঘ.
bdnews24