ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের অংশীদার ছিলেন জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র ও মেহরাব হোসেন জুনিয়র। অথচ ত্রিদেশীয় সিরিজের আগে ১৮ সদস্যের দলেও জায়গা হয়নি তাদের। সর্বশেষ জাতীয় দলের ডলার মাহমুদও বাদ পড়েছেন এই দল থেকে।
এনামুল হক জুনিয়রের বিশ্বাসই হচ্ছে না তিনি দলে নেই। স্বতীর্থ ক্রিকেটার এবং সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাঁ হাতি এই স্পিনার বলেন,'আগের তিনটি সিরিজে আমার পরফরম্যান্স খারাপ ছিল না। ঢাকা লিগ এবং প্রীতি ম্যাচেও চেষ্টা করেছি যথাসাধ্য ভালো করতে, তারাপরও বাদ পড়ার কারণ বুঝতে পারছি না।'
তবে মেহরাব হোসেন জুনিয়র বিষয়টিকে সহজ ভাবেই নিয়েছেন, বললেন,'নির্বাচকরা যাকে প্রয়োজন মনে করেছেন তাকেই দলে নিয়েছেন। এ নিয়ে আমি চিন্তিত নই।'
ওদিকে ১৮ সদস্যের স্কোয়াডে জায়গা না পেয়ে পেসার ডলার মাহমুদও হতাশ, কিছুটা বিস্মিতও ,'আমার ধারাণা ছিল মাশরাফি ভাই থাকলে মূল দলে হয়তো জায়গা হবে না। অথচ ১৮ জনের মধ্যেও আমাকে বিবেচনা করা হয়নি। কেন এমন হলো ভাবতে পারছি না।'
বাদ পড়াদের তালিকার অন্য সদস্য ওপেনার জুনায়েদ সিদ্দিকীর সেলফোন বন্ধ থাকায় তার প্রতিক্রিয়া জানা যায়নি।
ক্রিকেটারদের কাছে অপ্রত্যাশিত হলেও যুক্তি দিয়ে প্রত্যেকের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। তার মতে,'জুনায়েদ অনেক দিন হলো ফর্মে নেই। দলে স্পিনিং অল-রাউন্ডার বেশি থাকায় জায়গা হারিয়েছেন এনামুল হক জুনিয়র আর মেহরাব হোসেন জুনিয়র। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ভালো সময় পার করছিলনা ডলার মাহমুদ। তাই তার চেয়ে এগিয়ে থাকা পেসারদেরই নেয়া হয়েছে দলে।'
সবশেষে বাদ পড়া ক্রিকেটারদের কিছুটা আশ্বস্তও করেছেন রফিকুল আলম,'যারা বাদ পড়েছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। পরফর্ম করলে তারা আবার ফিরে আসবে। আমরা পরফর্মারই চাই।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৩৮ ঘ.
bdnews24