২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের বাহবা পেলেন মাশরাফি

কোচের সংশয় বলতে গেলে দূরই করে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে ১০ ওভার বল করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচের সংশয় বলতে গেলে দূরই করে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে ১০ ওভার বল করেছেন তিনি। ফলে দেশ-সেরা পেসার ত্রিদেশীয় সিরিজে খেলবেন এ নিয়ে আর তেমন একটা সংশয় নেই কোচ জেমি সিডন্সের মনে। শবিার প্রস্তুতি ম্যাচ শেষে অধিনায়ককে বাহবাও দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ। মাশরাফির ব্যাপারে তার আশার কথা অনেক জোর দিয়েই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন সিডন্স,'প্রথম দিনই মাশরাফি যা করেছে তাতে আমি খুশি। আশা করছি, ত্রিদেশীয় সিরিজের আগে ওকে (মাশরাফি) আরো ভালো অস্থায় দেখতে পাবো। ভালো লাগছে এই ভেবে যে সিরিজে সেরা দলটাই খেলাতে পারবো।' '১০-০-৭৭-২' অন্য সময় হলে মাশরাফির কাছেই এই বোলিং বিশ্লেষণ পছন্দ হতো না। কিন্তু ছয় মাস পর মাঠে ফেরায় ১০ ওভার বল করতে পারাই তার জন্য বড় ব্যাপার। মাঠে নিজের দায়িত্ব পালন করতে পেরেছেন বলে কিছুটা তৃপ্তও মনে হলো তাকে, বললেন, ,'সব মিলিয়ে মন্দ হয়নি। যা আশা করেছিলাম তার চেয়ে খানিকটা ভালোই হয়েছে। তবে লম্বা স্টেপ নিয়ে দৌঁড়াতে আরো কিছুটা সময় লাগবে। তবে আজকের পারফর্ম্যান্স নিয়ে আমি খুশি।' তবে কোচ আশাবাদী হলেও এখনই ত্রিদেশীয় সিরিজ খেলার নিশ্চয়তা দিতে পারছেন না জাতীয় দলের অধিনায়ক, বলছিলেন,'মাত্র একটা ম্যাচ খেলেছি। আর একটা ম্যাচ খেলার পরই এ বিষয়ে নিশ্চিত হতে পারবো।' এদিকে মাশরাফির মন থেকে সংশয় দূর না হলেও বাংলাদেশ দলের বোলিং কোচ চম্পকা রামানায়েকে কিন্তু আশার কথাই শোনালেন তাকে নিয়ে,'প্রথম দুই ওভার একটু ভয়ে ভয়ে বল করেছে ও। এরপর আর অসুবিধা ছিল না বলেই আমার মনে হয়। আমার বিশ্বাস মাশরাফি ভালো করবে।' তবে নির্বাচকরা মাশরাফির ব্যাপারে প্রতিটি পদক্ষেপ ফেলতে চান সতর্কভাবে। এক ম্যাচের বোলিং দেখেই কোনো সিদ্ধান্তে আসতে চান না তারা। সোমবারের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশ অধিনায়ককে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার ইচ্ছে তাদের। প্রধান নির্বাচক রফিকুল আলম বললেন,'অনেক দিনের বিরতির পর বল করেছে মাশরাফি। তার বল কতটা ভালো হয়েছে সেটা আমাদের কাছে মুখ্য নয়, বোলিংয়ের সময় সে কতটা সচ্ছন্দ বোধ করেছে সেটাই আসল। ও স্বাভাবিক ছন্দে বল করতে পারলে কোন অসুবিধা নেই।' ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন ১১ জুলাই সাকালে বল করার সময় হাঁটুতে চোট পান মাশরাফি। পরের মাসেই দুই হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়। প্রায় ছয় পুনর্বাসন প্রক্রিয়াধীন থাকার পর অবশেষে শনিবার প্রথমবারের মতো মাঠে নামলেন মাশরাফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩৫৩ ঘ.