ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট লিগের একাদশ আসরে বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবি জানিয়েছে, এবার পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। বিজয়ী দলকেই দেয়া হবে শিরোপা।
ছয়টি বিভাগীয় দল নিয়ে ১ জানুয়ারি থেকে চার দিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। প্রথম রাউন্ডের শীর্ষ চার দলকে নিয়ে হবে সুপার লিগ। তারপর দু রাউন্ডের পয়েন্ট মিলিয়ে শীর্ষ দুই দল ২২ থেকে ২৬ ফেব্র"য়ারি মুখোমুখি হবে ফাইনালে। অর্থাৎ ফাইনাল হবে পাঁচ দিনের। সবগুলো ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যুতে।
বিসিবি আরো জানিয়েছে, এই লিগ শেষ হলে ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টও আয়োজন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫০ ঘ.
bdnews24