ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেও ঘরোয়া লিগে নিয়মিতই খেলছেন খালেদ মাসুদ। বয়স ৩৮ বছর পেরিয়ে গেলেও ক্রিকেট থেকে এখনই সরে দাঁড়ানোর ইচ্ছে নেই জাতীয় দলের সাবেক অধিনায়কের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া সাক্ষাৎকারে এর বাইরেও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন খালেদ মাসুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ঘরোয়া ক্রিকেটে আর কতদিন খেলার ইচ্ছে?
খালেদ মাসুদ: যেদিন ক্রিকেট খেলে আনন্দ পাব না, আগ্রহ হারিয়ে যাবে সেদিনই বিদায় নেবো। প্রতিযোগিতামূলক ক্রিকেট বেশ উপভোগ করছি। এখনো আরো অনেকদিন খেলার ইচ্ছে আছে। এ বছর মোহামেডানের অধিনায়ক হিসেবে সফল হয়েছি। এমন সুযোগ প্রতি বছর আসবে না আমি তা জানি। তবে যে দলেই খেলি পারফর্ম করার চেষ্টা করবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বয়স তো একেবারে কম হয়নি (৩৮ বছর ৬ মাস), এ বয়সে তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন। এটা সম্ভব হচ্ছে কীভাবে?
খালেদ মাসুদ: ফিটনেস থাকলে অনেক তরুণ ক্রিকেটারই আমার সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই টিকে থাকবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বিসিবি থেকে জাতীয় দলের নির্বাচক হওয়ার প্রস্তাব দিলে রাজি হবেন?
খালেদ মাসুদ: নির্বাচকের পদ অবশ্যই সম্মানের। কিন্তু আমি এখনই ওই দায়িত্ব পেতে চাই না। কারণ ক্রিকেট খেলে আমি বেশি অর্থ উপার্জন করি। খেলার মধ্যেই থাকতে চাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: রাজশাহীতে আপনার ক্রিকেট অ্যাকাডেমি আছে। ওটা কি বাণিজ্যিক ভাবে চালান?
খালেদ মাসুদ: আংশিক বাণিজ্যিক। অ্যাকাডেমি গড়ার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে আধুনিক সুযোগ সুবিধার মধ্য দিয়ে এগিয়ে নেয়া। আমরা ২১/২২ বছর বয়সে এসে ভালো কোচ পেয়েছি। আমার অ্যাকামেডিতে প্রশিক্ষণার্থীরা ৯/১০ বছর বয়সেই উন্নত প্রশিক্ষণ পাচ্ছে। বলতে পারেন মানসিক প্রশান্তির জন্য বন্ধুরা মিলে একাডেমিটা গড়েছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি তো বাবার হাত ধরে খেলার মাঠে এসেছিলেন, পারিবারিক ঐতিহ্য ধরে রেখে নিজের ছেলেকেও কি খেলোয়াড় বানানোর ইচ্ছে?
খালেদ মাসুদ: ক্রিকেটের কারণেই মানুষ আমাকে চেনে। আমিও চাই আমার ছেলে ক্রিকেটার হোক। ক্রিকেটার এখন অনেক ভালো পেশা। তবে তার (ছেলে) ওপর জোর খাটাবো না। যেদিকে আগ্রহ বেশি থাকবে ওকে সেটাই করতে দেবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩০২ ঘ.
bdnews24