ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী বছর ১ থেকে ৫ ফেব্র"য়ারি তিনটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
প্রদর্শনী ম্যাচগুলোতে 'কিং খান' এবং সৌরভ গাঙ্গুলীর দলের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। তবে এটুকু মোটামুটি নিশ্চিত করেই বলা যায়, বিসিবি একাদশ বা বাংলাদেশ 'এ'-র বিপক্ষে খেলবে তারা। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বিসিবি'র মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানান, কোলকাতা নাইট রাইডার্সের আবেদনে সাড়া দিয়ে পীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি।
দেশের মাটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলা হবে না মাশরাফি বিন মুর্তজার। ফেব্রুয়ারির ওই সময়টায় নিউজিল্যান্ড সফরে থাকবে বাংলাদেশ দল। ফিটনেস ফিরে পেলে তখন দলের সঙ্গেই থাকার কথা মাশরাফির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১৮ ঘ.
bdnews24