২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী, মোহামেডান ও বিমান জিতেছে

ইস্পাহানি চা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ পর্বে শুক্রবার আবাহনী লিমিটেড ৪ উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএসকে)। মোহামেডান স্পোটিং ক্লাব ৫ উইকেটে জিতেছে কলাবাগানের বিপক্ষে। বিমান ভিক্টোরিয়াকে হারিয়েছে ৮ উইকেটে। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানি চা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ পর্বে শুক্রবার আবাহনী লিমিটেড ৪ উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএসকে)। মোহামেডান স্পোটিং ক্লাব ৫ উইকেটে জিতেছে কলাবাগানের বিপক্ষে। বিমান ভিক্টোরিয়াকে হারিয়েছে ৮ উইকেটে। (সংশোধনীসহ) এই জয়ের ফলে ১৫ ম্যাচে মোহামেডানের দাঁড়ালো ২৭। আবাহনীর ২৬। দু'দলেরই একটি করে ম্যাচ বাকি এবং ২১ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যে দল জিতবে সেই দলই শিরোপা নিয়ে যাবে ঘরে। তাই সেই ম্যাচটিকে অলিখিত 'ফাইনাল' বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে আবাহনীর নাসির হোসেন ও পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের মারাত্মক বোলিংয়ের মুখে সিসিএসকে ৪৪ ওভার ২ বলে ১৭২ রানে অল-আউট হয়ে যায়। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৫ রান করেন উত্তম সরকার। নাসির হোসেন ৩৮ রানে ৪ উইকেট নেন। রাজ্জাক নেন ৩টি। ১৭৩ রান তাড়া করতে নেমে ৯৩ রানেই ৫ উইকেট খুইয়ে বসে আবাহনী। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে আবাহনীর ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন আবদুল রাজ্জাক। তার ৭১ রানের ওপর ভর করে অবশেষে জয় তুলে নেয় আবাহনী। মোহামেডানের স্পিনার সাকলায়েন সজিবের মারাত্মক স্পিনের মুখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাত্র ৩৪ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩২ রান করে অপরাজিত থাকেন ফরিদউদ্দিন মাসুদ। সজিব ৫ উইকেট নেন ৩৬ রান দিয়ে। এই লক্ষ্য তারা করতে নেমে ৩০ ওভার ৪ বলে অত্যন্ত সহজেই জয় তুলে নেয় মোহামেডান। দলের পক্ষে শুভ ৪৩ ও আশরাফুল ২৭ রান করেন। এনামুল হক জুনিয়র ২৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। ধানমন্ডি ক্রিকেট মাঠে দিনের সবচেয়ে বড় জয়টি তুলে নেয় বিমান। দলের শফিউল ইসলাম ও মোশাররফ হোসেনের বলে মাত্র ৩৪ ওভারে ৯৪ রানেই থেমে যায় ভিক্টোরিয়ার ইনিংস। দু'জনেই উইকেট নেন ৪টি করে। এছাড়া ২ উইকেট নেন ইলিয়াস সানি। জবাবে মুশফিকুর রহিম ও জহুরুল ১৮ ওভার ৪ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩৫৩ ঘ.