২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই বছর ক্রিকেট দলের স্পন্সর গ্রামীণফোন

আরো দুই বছর (২০১০-১১) জাতীয় ক্রিকেট দলের স্পন্সর থাকছে গ্রামীণফোন। শুধু ছেলেদের দলই নয়, প্রমিলা দলেরও স্পন্সর তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো দুই বছর (২০১০-১১) জাতীয় ক্রিকেট দলের স্পন্সর থাকছে গ্রামীণফোন। শুধু ছেলেদের দলই নয়, প্রমিলা দলেরও স্পন্সর তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, স্পন্সর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১০ কোটি টাকা দেবে গ্রামীণফোন। নূন্যতম ১২ কোটি টাকা চেয়ে স্পন্সর আহবান করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্রামীণফোন আর এক্সিউম টেকনোলজিস লিমিটেড দরপত্র কিনলেও জমা দেয় শুধুমাত্র গ্রামীণফোন। প্রথমে দুই বছরের জন্য ছয় কোটি ৭৫ লাখ টাকা দিতে রাজি হয় তারা। পরে গ্রামীণফোনের সঙ্গে আলোচনায় বসে টাকা বাড়িয়ে নেয় বিসিবি। নূন্যতম অংকের চেয়ে দুই কোটি টাকা কম পেয়েও খুশি বিসিবির কর্মকর্তারা। মার্কেটিং কমিটির প্রধান আজিজ আল কায়সার টিটো বলেন, "আমরা আসলে অনেক বেশি টাকার দরপত্র আহ্বান করেছিলাম। কিন্তু কোন প্রতিষ্ঠানই এত বেশি টাকা দিতে রাজি হয়নি। গ্রামীণফোন ক্রিকেটকে ভালবাসে বলেই ১০ কোটি টাকা দিচ্ছে।" আল কায়সার টিটোর কথার সুর ধরে গ্রামীনফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, "গ্রামীনফোনের প্রতিটি কর্মী ক্রিকেট ভালবাসে। বাংলাদেশ দলের স্পন্সর হয়ে আমরা গর্বিত। সে কারণেই আমরা বিসিবির সঙ্গে আলোচনায় বসে টাকার অংক বাড়িয়েছি।" গত দুই বছর জাতীয় দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে ৬১.৫ মিলিয়ন ডলারের সম-পরিমান টাকা দিয়েছে গ্রামীণফোন। সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির জালাল ইউনুস, মার্কেটিং কমিটির প্রধাণ আজিজ আল কায়সার টিটো, গ্রামীনফোনের প্রধাণ যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির, প্রধান জনসংযোগ কর্মকর্তা সৈয়দ তালাত কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১০৯ ঘ.