পার্থ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্থ টেস্টের দ্বিতীয় দিনেও বোলারদের জন্য কোনো সুখবর নেই। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৫২০ রান করে ইনিংস ঘোষণা করেছে। তবে চা বিরতির আগে বিনা উইকেটে ৬৯ রান তুলে জবাবটা ভালোই দিচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিস গেইল ৫২ এবং ট্রাভিস ডাউলিন ১৫ রানে ব্যাট করছেন।
সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয় দিন সকালে ৩ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া শুরুতে মাইক হাসির উইকেটটি হারিয়ে ফেলে। হাসি (৮২) এদিন মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।
তবে উইন্ডিজ বোলারদের হতাশ করে মার্কাস নর্থ (৬৮), ব্র্যাড হ্যাডিন (৮৮) এবং মিচেল জনসনের (৩৫) ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার রানের পাহাড় ক্রমেই বড় হতে থাকে। মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন হ্যাডিন।
ব্যথা পেয়ে সাময়িক অবসর নেওয়া অধিনায়ক রিকি পন্টিং এদিনও ব্যাট করেননি। তবে দিনের দ্বিতীয় সেশনের মাঝভাগে তিনি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন।
জবাব দিতে নেমে শুরুতেই মেরে খেলা শুরু করেন উইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। মাত্র ৩৪ বলে তিনি তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি জিতে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টটি ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৬০৩ ঘ.
bdnews24