২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের জয়ের দিনে পয়েন্ট খোয়ালো আবাহনী

ইস্পাহানি চা প্রিমিয়ার ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে বিমান বাংলাদেশ। শনিবার সুপার লিগে দুদলের শ্বাসরুদ্ধকর ম্যাচটি টাই হয়েছে। দিনের আরেক ম্যাচে ভিক্টোরিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং। কুশায়াচ্ছন্ন আবহাওয়ার কারণে দুটো ম্যাচেরই ওভার কমিয়ে দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইস্পাহানি চা প্রিমিয়ার ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে বিমান বাংলাদেশ। শনিবার সুপার লিগে দুদলের শ্বাসরুদ্ধকর ম্যাচটি টাই হয়েছে। দিনের আরেক ম্যাচে ভিক্টোরিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং। কুশায়াচ্ছন্ন আবহাওয়ার কারণে দুটো ম্যাচেরই ওভার কমিয়ে দেয়া হয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-বিমান ম্যাচ হয়েছে ৪২ ওভারের। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও শেষদিকে সাইফুল ইসলামের দুর্দান্ত অর্ধশতকে ৯ উইকেটে ১৭৩ রানের স্কোর দাঁড় করায় বিমান। ৫০ বলে তিন চার ও চার ছয়ে ৫৫ করে অপরাজিত থেকে যান সাইফুল। ১৫ রানে তিন উইকেট নিয়ে আবাহনীর সবচেয়ে সফল বোলার আরাফাত সানি। ১৭৪ রানের লক্ষ্যও শুরু থেকেই কঠিন হতে থাকে আবাহনীর জন্য। ৩৮ রানেই তিন উইকেট হারিয়ে বসে তারা। তবে নিয়মিত উইকেট পড়লও একপ্রান্তে আস্থার প্রতীক হয়ে টিকে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। দলীয় ১৫৫ রানে ৬৭ রান করে ইমরুলও সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরলে হারের আশঙ্কায় পড়ে যায় গত তিনবারের চ্যাম্পিয়নরা। রফিক (৮), আরাফাত সানি (৮) ও শুভাশিস (৬*) অবশ্য কোনোরকমে হার এড়িয়েছেন। শেষ বলে সানি রান আউট না হলে জিতেই যেতো আবাহনী। বমানের শরীফুল্লাহ তিনটি এবং ইলিয়াস সানি ও শফিউল ইসলাম পেয়েছেন দুটি করে উইকেট। ফতুল্লায় ৩৭ ওভারের ম্যাচে আগে ব্যাট করা ভিক্টোরিয়া এক বল বাকি থাকতে অলআউট হয়ে যায় ১৪১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন কামরুল এবং মোহাম্মদ শরীফ করেন ৩১ রান। ফয়সাল তিনটি ও নাবিল নিয়েছেন দুটি উইকেট। জবাবে দুই ওপেনার শুভ ও আশরাফুলের দুর্দান্ত অর্ধশতকে ৩০.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। আশরাফুল অপরাজিত ৫৬ ও শুভ ৫১ রান করেন। দুটি উইকেটই নেন তরিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচএস/এসি/২১১৮ ঘ.