ন্যাপিয়ার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাতের অপরাজিত সেঞ্চুরি সত্ত্বেও সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস ২২৩ রানে গুটিয়ে গেছে।
জবাবে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৪৭ রান করে ১৭৬ রানে পিছিয়ে থেকে ন্যাপিয়ার টেস্টের প্রথম দিন শেষ করে।
টিম ম্যাকিনটস ৩১ এবং জন ওয়ালটিং ১৩ রানে ব্যাট করছেন।
এর আগে শুক্রবার সকালে ন্যাপিয়ারে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। কিন্তু ইয়ান ও'ব্রায়েন এবং ড্যারিল টাফির মারাত্মক বোলিংয়ে পাকিস্তানের চার চার জন ব্যাটসম্যান কোনো রান না করেই সাজঘরে ফিরে যায়।
ফয়সাল ইকবাল (৬), অধিনায়ক মোহাম্মদ ইউসুফ (০), মিসবাহ উল হক (০), উমর আকমলের (০) মতো শীর্ষ চার ব্যাটসম্যানকে সাজ ঘরে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে দেন ও' ব্রায়েন।
অন্যদিকে মোহাম্মদ আমের (২৩), উমর গুল (২৪), মোহাম্মদ আসিফ (০) এবং দানিশ কানেরিয়াকে (১৬) ফিরিয়ে পাক ব্যাটিং অর্ডারের লেজ ছাঁটার কাজ সারেন টাফি।
শুরুতে সালমান বাটকে (৯) বোল্ড করে দেন টিম সাউদি এবং মাঝে কামরান আকমলকে (২২) গুপ্টিলের ক্যাচ বানান ক্রিস মার্টিন।
শুধু ইমরান ফারহাত ১৪ চার এবং ১ ছক্কায় ১১৭ রান করে একপ্রান্ত আগলে রাখেন।
দু'দলই একটি করে টেস্ট জেতায় তিন ম্যাচে সিরিজটি ১-১ এ অমীমাংসিত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪১৪ ঘ.
bdnews24