২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও আইপিএল খেলা হবে না পাকিস্তানিদের

আবারও পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়াই বসতে চলেছে আইপিএল-এর আসর। আইপিএল এর কর্ণধার ললিত মোদি জানিয়েছেন ভিসা জটিলতার কারণে আগামী বছর অনুষ্ঠেয় আইপিএল-এর তৃতীয় আসরে খেলা হচ্ছে না কামরান আকমল, উমর গুলদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

দিল্লি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারও পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়াই বসতে চলেছে আইপিএল-এর আসর। আইপিএল এর কর্ণধার ললিত মোদি জানিয়েছেন ভিসা জটিলতার কারণে আগামী বছর অনুষ্ঠেয় আইপিএল-এর তৃতীয় আসরে খেলা হচ্ছে না কামরান আকমল, উমর গুলদের। মোদি জানান, সময়মতো ভিসার কাগজপত্র জমা দিতে না পারায় আগামী বছরও পাকিস্তানের কেউ আইপিএল খেলতে পারবে না। তাই যেসব দল এর আগে পাকিস্তানিদের চুক্তিবদ্ধ করেছিল, তাদের বিকল্প ক্রিকেটার খুঁজে নিতে হবে। ভারতের এক বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বলেন,"পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আমরা জানতে পেরেছি খেলোয়াড়রা যথাসময়ে ভিসা করাতে পারেনি। এ অবস্থায় আমরাও সময় বাড়াতে রাজি নই। আজই (মঙ্গলবার) ছিল পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল-এ অংশগ্রহণ নিশ্চিত করার শেষ দিন আর পরশু (বৃহস্পতিবার) দলবদলের শেষ দিন।" এর আগে পিসিবি পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল-এ খেলার অনুমতি দেয়। সে অনুযায়ী ক্রিকেটারদের সঙ্গে চুক্তিও করে দলগুলো।এত কিছুর পরও ভিসা জটিলতার কারণ জানাতে গিয়ে পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট বলেন,"ক্রিকেটাররা ভিসার জন্য আবেদন করেছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে ভিসার ছাড়পত্র দেয়া হয়নি। বল আসলে আমাদের কোর্টে নেই।" আইপিএল-এর সঙ্গে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার কামরান আকমল, মিসবাহ উল হক, আব্দুল রাজ্জাক, উমর গুল এবং সোহেল তানভীরের চুক্তি হয়েছে। সরকারি বিধিনিষেধের কারণে গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএল-এর দ্বিতীয় আসরে অংশ নিতে পারেনি পাকিস্তানের ক্রিকেটাররা। গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিধিনিষেধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯৪৬ ঘ.