২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেড টেস্ট ড্র

অ্যাডিলেড টেস্টে শেষপর্যন্ত ড্র-ই মেনে নিতে হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। জয়ের জন্য প্রয়োজনীয় অস্ট্রেলিয়ার শেষ পাঁচটি উইকেট তুলে নিতে পারেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

অ্যাডিলেড, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডিলেড টেস্টে শেষপর্যন্ত ড্র-ই মেনে নিতে হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। জয়ের জন্য প্রয়োজনীয় অস্ট্রেলিয়ার শেষ পাঁচটি উইকেট তুলে নিতে পারেনি তারা। মাইকেল ক্লার্ক (৬১*) এবং ব্র্যাড হ্যাডিনের (২১*) ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২১২ রানে পঞ্চম দিন শেষ করলে অ্যাডিলেড টেস্ট ড্র হয়ে যায়। অবশ্য মঙ্গলবার টেস্টের শেষ দিন চা বিরতির আধ ঘণ্টার মধ্যে মাইক হাসি (২৯) এবং মার্কাস নর্থকে (২) সাজঘরে ফিরিয়ে জয়ের আবহ কিছুটা হলেও তৈরি করেছিলেন ডোয়াইন ব্রাভো। সেইসঙ্গে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে কেমার রোচও ভড়কে দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। সুলিমান বেন আক্রমণ চালাচ্ছিলেন তার ঘূর্ণি বল দিয়ে। অধিনায়ক ক্রিস গেইলও আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। কিন্তু ক্লার্ক ও হ্যাডিন ছিলেন অবিচল। ধীরে সুস্থে ব্যাট চালিয়ে অ্যাডিলেড টেস্ট ড্র করেন তারা। এর আগে প্রথম ইনিংসে ৪৫১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অস্ট্রেলিয়া ৪৩৯ রানে অলআউট হলে ১২ রানের লিড নেয় তারা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩১৭ রান করলে জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্য জোটে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংনে দারুণ ব্যাটিং করার সুবাদে ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রিস গেইল (১৬৫*) তিন ম্যাচ ফ্রাঙ্ক ওরেল ট্রফি সিরিজের প্রথম টেস্ট হেরে এখনও ১-০ তে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৫৫৩ ঘ.