অ্যাডিলেড, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঙ্ক ওরেল সিরিজের দ্বিতীয় টেস্ট ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। মাইকেল ক্লার্ক ও ব্রাড হাডিনের ধীর স্থির ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে উঠেছে অস্ট্রেলিয়া।
পঞ্চম দিনে চা বিরতির পর প্রথম ওভারেই মাইক হাসির উইকেট হারিয়েছিল অসিরা। এরপর ব্যাট করতে নামা মার্কাস নর্থ সারওয়ানের হাতে ক্যাচ দিয়ে ২ রান করে বিদায় নিলে ৫ উইকেটে ১৩৯ রানে পরিণত হয় অস্ট্রেলিয়ার স্কোর। ৩৩০ রানে লক্ষ্যে দ্বিতীয় ইনিংস খেলতে নামা রিকি পন্টিংয়ের দল পড়ে যায় বিপদে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬১ রান। মাইকেল ক্লার্ক ২৫ রানে ও ব্রাড হাডিন ১১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ১৪ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৬৯ রান। অন্যদিকে সফরকারীদের জিততে প্রয়োজন ৫টি উইকেট।
এর আগে পঞ্চম দিনের প্রথম সেশনে বারাথ ও ব্রাভোর অসাধারন দুটি ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন সাইমন ক্যাটিচ ও শেন ওয়াটসন। পন্টিংকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন রবি রামপল।
অধিনায়ক ক্রিস গেইলের হাত ধরে দ্বিতীয় ইনিংসে ৩১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে গেইল একাই ১৬টি চার ও একটি ছক্কায় ১৬৫ করে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২৮৪ রান করা সফরকারীরা পঞম দিনে আরও ৩৪ যোগ রান করে গুটিয়ে যায়।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫১ রানের জবাবে ৪৩৯ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া, যা ১২ বছরের মধ্যে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিল লিড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/টিএ/১২৫২ ঘ.
bdnews24