অ্যাডিলেড, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ফ্রাঙ্ক ওরেল সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক ক্রিস গেইলের হাত ধরে এগিয়ে চলেছে ওয়েস্টইন্ডিজ। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান করেছে তারা, সেখানে গেইল একাই ১৬টি চার ও একটি ছক্কায় ১৫৫ করেও অপরাজিত।
দলের পক্ষে দ্বিতীয়সর্বোচ্চ স্কোর ডোয়াইন ব্রাভোর, ২৪! প্রথম ইনিংসে ১২ রানের লিড পাওয়া সফরকারী দল স্পষ্টতই বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় অস্ট্রেলিয়াকে বড় খুব বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সুযোগ হাতছাড়া করতে চলেছে। অবশ্য উইন্ডিজ ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রত্যক্ষ কারণ অবশ্যই অস্ট্রেলীয়দের চমৎকার বোলিং। এ পর্যন্ত ৮৫ রানে ৪ উইকেট নিয়েছেন মিশেল জনসন, বোলিঙ্গার ২ উইকেট পেয়েছেন ৩৬ রান দিয়ে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫১ রানের জবাবে ৪৩৯ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮৫৪ ঘ.
bdnews24