ওয়েলিংটন, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ আসিফ এবং দানিশ কানেরিয়ার মারাত্মক বোলিংয়ে ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে ১৪১ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে তারা।
রোববার ৩ উইকেটে ৭০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড। জয়ের জন্য তখনো প্রয়োজন ৩৩৫ রান। কিন্তু পেসবান্ধব উইকেটে ২৬৩ রানেই অলআউট হয়ে যায় তারা।
নিউজিল্যান্ড শিবিরে রোববার প্রথম আঘাত হানেন মোহাম্মদ আমের। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান পিটার ফুলটন (১৩) ১ রান যোগ করতে না করতেই উইকেটরক্ষক কামরান আকমলকে ক্যাচ দিয়ে দেন আমেরের বলে। কছুক্ষণ পর নতুন ব্যাটসম্যান গ্রান্ট এলিয়টকে (৬) বোল্ড করে দেন কানেরিয়া। রস টেলর (৯৭) অবশ্য স্রোতের বিপরীতে ব্যাট করে যাচ্ছিলেন। কিন্তু তাকে মিসবাহ উল হকের তালুবন্দি করিয়ে সেঞ্চুরি-বঞ্চিত করেন আমের। এর বাইরে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বলার মতো স্কোর এসেছে শুধু ব্রেন্ডন ম্যাককালাম (২৪), ড্যানিয়েল ভেট্টোরি (৪০) এবং ও' ব্রায়ানের (৩১) ব্যাট থেকে। তবে পরাজয়ের ব্যবধান কমানোয় সামান্য ভূমিকা রাখতে পারলেও তাদের ইনিংসগুলো হার এড়ানোর স্বপ্নই দেখাতে পারেননি। মোহাম্মদ আসিফ ৬৭ রানে ৫, কানেরিয়া ৭৪ রানে ৩ এবং আমের ৬৪ রানে ২ উইকেট নিয়ে সে পথ রুদ্ধ করে দেন।
এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৬৪ রানের জবাবে নিউজিল্যান্ড ৯৯ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মোহাম্মদ ইউসুফের ৮৩ এবং উমর আকমলের ৫২ রানের সুবাদে ২৩৯ রান করে।
দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আসিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২২০৪ ঘ.
bdnews24