ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পয়েন্ট তালিকার শীর্ষে আছে মোহামেডান। এখনও অপরাজিত তারা। আবাহনী মাত্র দুই পয়েন্টে পিছিয়ে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে শুক্রবারের ম্যাচটি তাই চিরপ্রতিদ্বন্দ্বি দল দুটির কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। যে কোনো মূল্যে মোহামেডানকে হারাতে চায় বর্তমান চ্যাম্পিয়ান আবাহনী। অন্যদিকে খুব স্বাভাবিক কারণেই মোহামেডানও জয়ের ধারায় থাকার ব্যাপারে বদ্ধপরিকর।
আবাহনী অধিনায়ক সাকিব আল হাসান জয়ের বিকল্প কিছু ভাবতেই পারছেন না। তার মতে, পাকিস্তানী অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক আসায় দলের শক্তি বেড়েছে। ভারসাম্য এসেছে দলে। তবে শুধু যে রাজ্জাকের দিকে তাকিয়ে থাকলেই হবে না সে কথাও বলতে ভোলেননি সাকিব,'আমরা মোহামেডানের চেয়ে পয়েন্টে পিছিয়ে আছি। তবে কালই (শুক্রবার) সমতা আনতে চাই। তবে দলের সবাইকে মনে রাখতে হবে রাজ্জাক একা ম্যাচ জেতাতে পারবেন না। সবাইকেই ভালো খেলতে হবে।'
মোহামেডান অধিনায়ক খালেদ মাসুদ একেবারে চাপমুক্ত থেকে আবাহনীর বিপক্ষে নামতে বলেছেন স্বতীর্থদের,' আর দশটা ম্যাচের মতোই খেলতে চাই আবাহনীর বিপক্ষে। টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা ম্যাচ জেতার পরও সেমিফাইনালে ওদের কাছে হেরে গেছি। তারপরও চাপমুক্ত থেকে খেলতে চাই।"
শুক্রবারের ম্যাচে তামিম ইকবাল খেলতে রাজি হলেও মোহামেডানের কাছে তাকে না খেলানোর অনুরোধ অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিমের হাত পুরোপুরি সারেনি বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে। এ প্রসঙ্গে মোহামেডানের কোচ ফাহিম মুন্তাসির বলেন,"বিসিবি চিঠি দিয়ে আমাদেরকে অনুরোধ করেছে। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেবো।"
শুক্রবার সকালের আগে তাই তামিমের বিষয়ে চূড়ান্ত কিছু জানা যাচ্ছে না। অবশ্য তামিম খেললেও ম্যাচের মূল আকর্ষণ থাকবে দুই পাকিস্তানিকে ঘিরে। আবাহনীর সমর্থকরা তাকিয়ে থাকবেন আব্দুল রাজ্জাকের দিকে আর মোহামেডান সমর্থকরা রানা নাভেদুল হাসানের দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১৮ ঘ.
bdnews24