মেলবোর্ন, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যে দলের অধিনায়কই টেস্ট ক্রিকেট খেলতে আর আগ্রহী নন, যে দলটি চরম বিশৃঙ্খলতায় নিমজ্জিত, সে দলকে দীর্ঘমেয়াদের ক্রিকেট থেকে নিষিদ্ধ করাই উচিত' -- এককালের পরাক্রমশালী দল ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে এই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিম হিউজ। বাংলাদেশকেও টেস্ট ক্রিকেটে অংশ নেয়ার উপযুক্ত মনে করেন না অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ক্রিস গেইলের দলের পারফরম্যান্সই এমন মন্তব্য করার সুযোগ করে দিয়েছে হিউজকে। ব্রিসবেনে তিন দিনের মধ্যেই ইনিংস ও ৬৫ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।
সফররত দলটি সম্পর্কে চরম হতাশা নিয়ে হিউজ বলেন,"এমন জয় অস্ট্রেলিয়ার জন্য ভালোই। তবে টেস্ট ক্রিকেটের জন্য ভালো নয়। আমাদের উচিত শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলার উপযোগী ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের মত দলগুলো যত দিন পর্যন্ত উপযুক্ত হয়ে না উঠছে ততদিন তাদের টেস্ট ক্রিকেটের বাইরে রাখা। ।"
দ্য ডেইলি টেলিগ্রাফকে তিনি আরো বলেন,"ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে এখন বিশৃঙ্খল দশা চলছে। এমনকি তাদের অধিনায়কও টেস্ট খেলতে চান না।"
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ক্রিস গেইল বলেছিলেন, 'টেস্ট ক্রিকেট যদি মরে যায় , আমি কাঁদব না।' এ মন্তব্য করে এমনিতেই সমালোচনার মুখে পড়েছিলেন, তার ওপর ব্রিসবেন টেস্টে দলের এই জঘন্য পারফর্ম্যান্স। কিম হিউজ এক হাত নিতে ছাড়বেন কেন! তবে হালে কিছুটা উন্নতির লক্ষণ দেখালেও তিনি বাংলাদেশকেও কেন একই কাতারে ফেলছেন তা বলা মুশকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২২১৮ ঘ.
bdnews24