২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ম্যাচে ফেরাল আসিফ ও আমির

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৭ রানের লিড নেওয়ার বাড়তি সুবিধা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 09:03 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ডানেডিন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৭ রানের লিড নেওয়ার বাড়তি সুবিধা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের দুরন্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তুলতেই তাদের ৮ উইকেট হারিয়ে যায়। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে কিউইরা ২৪৪ রানে এগিয়ে থাকলেও নাটকীয়তায় ভরা দিনটি আসলে পাকিস্তানেরই। এদিনও বৃষ্টির সঙ্গে আলোর স্বল্পতা দেখা দিলে নির্ধারিত সময় খেলা চালানো সম্ভব হয়নি। ফলে অলআউট হওয়ার হাত থেকে বেঁচে যায় নিউজিল্যান্ড। সুইং, রিভার্স সুইং আর কাটারে মেতে ওঠা পাক পেসারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন কিউই ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই কোনো রান না দিয়ে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। পাশাপাশি মোহাম্মদ আসিফ চা বিরতির আগমুহূর্তে ২ রানে ২ উইকেট এবং বিরতির পর আরও দুটি উইকেট তুলে নেন। শেষ ৫৩ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে যায় নিউজিল্যান্ড। তবে বৃষ্টি ও স্বল্প আলোর কারণে এদিন তাদের আর মাঠে নামতে হয়নি। আসিফ ৪১ রানে ৪ উইকেট এবং আমির ২৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। এর আগে সকালে কিউই বোলাররা ঝটপট শেষ দুই উইকেট তুলে নিলে ৩৩২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। শেন বন্ড ১০৭ রানে ৫টি এবং ক্রিস মার্টিন ৬৩ রানে ৩ উইকেট তুলে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪৫৩ ঘ.