২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য শতক বঞ্চিত টেইলর, নিউজিল্যান্ড ২৭৬/৬

রস টেইলর ও মার্টিন গুপ্টিলের অর্ধ শতকের ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন মঙ্গলবার নিউজিল্যান্ড ৬ উইকেটে ২৭৬ রান তুলেছে। অল্পের জন্য শতক বঞ্চিত হন টেইলর। আউট হন ৯৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ডানেডিন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রস টেইলর ও মার্টিন গুপ্টিলের অর্ধ শতকের ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন মঙ্গলবার নিউজিল্যান্ড ৬ উইকেটে ২৭৬ রান তুলেছে। অল্পের জন্য শতক বঞ্চিত হন টেইলর। আউট হন ৯৬ রানে। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম বলেই অধিনায়কের মুখে হাসি ফুটান মোহাম্মদ আমের। তার ইয়র্কার সামলাতে না পেরে বোল্ড হন টিম ম্যাকিনটোশ। দলের ২৭ রানের মাথায় মোহাম্মদ আসিফ ড্যানিয়েল ফ্লিনের উইকেট তুলে নিলে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু রস টেইলর মার্টিন গুপ্টিলের সঙ্গে জুটি বেঁধে ১১৭ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। আমেরের বলে ফাওয়াদ আলমের হাতে ধরা পড়ার আগে টেস্টে ষষ্ঠ অর্ধ শতক (৬০) করেন গুপ্টিল। চা-বিরতির পরপর রস টেইলরের উইকেটটি হারায় নিউজিল্যান্ড। ষষ্ঠ টেস্ট শতক থেকে মাত্র ৬ রান দূরে থাকতে তিনি সৈয়দ আজমলের বলে ইমরানের ফারহাতের হাতে ধরা পড়েন। টেইলর তার ৯৪ রানের ইনিংসটি সাজান ১৩টি চার ও ১টি ছক্কা দিয়ে। কিছুক্ষণ পরেই আবারো আঘাত হানেন মোহাম্মদ আসিফ। দু'রানের ব্যবধানে পিটার ফুলটন ও গ্রান্ট এলিয়টের উইকেট তুলে নেন তিনি। তখনও খেলার বাকি ছিল ১৭ ওভার। তবে উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককালাম ও ভেট্টোরি আর কোনো অঘটন ঘটতে দেননি, নিরাপদেই পার করে দেন দিনের খেলা। ভেট্টরি ৪০ ও ম্যাককালাম ২৫ রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আসিফ ৭৬ রানে তিন উইকেট নিয়েছেন। এছাড়া দুই উইকেট নিয়েছেন আমের। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৩ ডিসেম্বর ওয়েলিংটনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬২৩ ঘ.