করাচি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইউনিস খানকে মাঠে দেখতে চান সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট। এ মাসেরই গোড়ার দিকে নিউজিল্যান্ড সফর থেকে ইউনুস সরে দাঁড়ানোর পর অধিনায়কের দায়িত্ব দেয়া মোহাম্মদ ইউসুফকে।
আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ খোয়ানোর পর টেস্ট সিরিজের জন্য সে দেশ সফর থেকে সরে দাঁড়ান ইউনিস। এর কারণ হিসেবে তিনি বোর্ডকে বলেছিলেন, ফর্মে ফেরার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি কিছুদিনের জন্য বিশ্রাম নিতে চান। কিন্তু পত্রপত্রিকার খবরে বলা হয়, সিনিয়র ক্রিকেটারসহ দলের বেশ কয়েকজন সদস্যের আস্থা হারিয়েছেন ইউনিস। সে কথা স্বীকারও করেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর প্রধান রোববার সাংবাদিকদের বলেন, "আমি ব্যক্তিগতভাবে ইউনিসকে একজন খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ায় খেলতে দেখতে চাই। কোনোভাবেই আমি মনে করি না যে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হয়ে গেছে।" ইউনিসকে সেরা ব্যাটসম্যানদের একজন বলেও অভিহিত করেন তিনি। বলেন, অচিরেই ইউনিস ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করবেন বলে তিনি আশাবাদী। এতে অস্ট্রেলিয়া সফরে দল চূড়ান্ত করার ক্ষেত্রে নির্বাচকদের সিদ্ধান্তে পৌঁছানো সহজ হবে।
টেস্ট ক্রিকেটে ৬৩ ম্যাচে বত্রিশ বছর বয়সী ইউনিসের ব্যাটিং গড় ৫০.০৯ হলেও একদিনের ম্যাচে মোটেও এতটা ভালো নয়, মাত্র ৩৩.১২। তিনি ওয়ানডে খেলেছেন ১৯৭টি।
নিউজিল্যান্ড সফরে পাকিস্তান তিনটি টেস্ট খেলবে। প্রথমটি শুরু হবে ২৪ নভেম্বর ডানেডিনে। সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। সেখানে তারা ৩ ম্যাচের টেস্ট ও ৫ ম্যাচের একদিনের সিরিজ খেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে ৫ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২০ ঘ.
bdnews24