আহমেদাবাদ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় বোলারদের হতাশায় মুড়িয়ে অবিচ্ছন্ন থেকেই আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিন লাঞ্চে গেলেন মাহেলা ও প্রসন্ন জয়াবর্ধনে।
স্কোর বোর্ডে শ্রীলঙ্কার রান তখন ৫ উইকেটে ৭০৮।। মাহেলা ২৬৭ রানে এবং প্রসন্ন ১৩৪ রানে অপরাজিত।
প্রথম ইনিংসে স্বাগতিক ভারতের করা ৪২৬ রান ছাড়িয়ে শ্রীলঙ্কা ২৮২ রানে এগিয়ে।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে যাতে দ্বিতীয় বার আর ব্যাটিংয়ে নামতে না হয়, সেই ব্যবস্থাই করে চলছেন ক্রিজে থাকা দুই লঙ্কান ব্যাটসম্যান। প্রসন্ন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে এবং সাবেক অধিনায়ক মাহেলা ডাবল সেঞ্চুরি করে সে প্রচেষ্টারই ইঙ্গিত রাখছেন।
এরই মধ্যে ভারতের মাটিতে সর্বাধিক রানের ইনিংস গড়ার রেকর্ড হয়ে গেছে শ্রীলঙ্কার। মাহেলাও ২৫০ রানে পৌঁছালে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান জমে তার।
এছাড়া ৩৩৩ রানে অবিচ্ছিন্ন থেকে শ্রীলঙ্কার পক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপও গড়েন এ দুজনে।
যা হোক, এদিন সকাল থেকেই মেরে খেলা শুরু করেন গত কালের দুই অপরাজিত ব্যাটসম্যান। শুরুটা করেন সিনিয়র জয়াবর্ধনে। ভারতের ফাস্ট বোলারদের সীমানার বাইরে পাঠিয়ে। থেমে থাকেননি প্রসন্ন জয়াবর্ধনেও। সকালের চার নম্বর বাউন্ডারি হাঁকিয়েই তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় শতকে পৌঁছে যান।
প্রথম নয় ওভারে ৮টি বাউন্ডারি মেরে লঙ্কান ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের রীতিমতো অসহায় করে তোলে। অমিত মিশ্রকে দু দুটি বাউন্ডারি হাঁকিয়ে মাহেলাও পৌঁছে যান ২৫০ রানে।
আশা করা হচ্ছে, শ্রীলঙ্কা লাঞ্চের মধ্যে কিংবা লাঞ্চের কিছুপরে ইনিংস ঘোষণা দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪৪০ ঘ.
bdnews24