ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ওরস্টারশায়ারের সঙ্গে চুক্তি করেছেন সাড়া জাগানো এ অলরাউন্ডার।
ওরস্টারশায়ার তাদের বিদেশি খেলোয়াড়ের কোটায় চুক্তিবদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটে এ মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় তারকাকে।
ঊুধবার সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। তবে আমার মূল দায়িত্ব ওখানে গিয়ে ভালো খেলা, যাতে আমার খেলা দেখে ওরা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারের প্রতিও আগ্রহী হয়ে ওঠে।"
আগামী বছর জুনে বাংলাদেশের ইংল্যান্ড সফর শেষেই কাউন্টি দলে যোগ দেবেন সাকিব।
ওরস্টারশায়ারের ক্রিকেট পরিচালক স্টিভ রোডস নিজেও সাকিবের মতো অলরাউন্ডারকে দলে টানতে পেরে ভীষণ আনন্দিত।
ওয়ারস্টারশায়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডস বলেন," কিছুদিন ধরেই সাকিবের উন্নতি লক্ষ্য করছি। সে যে একজন খুব ভালো ক্রিকেটার তা পরিষ্কার। তার বর্তমান র্যাঙ্কিং সে কথাই বলে। সাফল্যের জন্য ও মরিয়া। ওর অলরাউন্ড নৈপুণ্য আমাদের তরুণ এই দলটির জন্য মৌসুম শেষে ভালো ফলই বয়ে আনবে।"
সাকিবের হয়ে ওরস্টারশায়ারের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করেন সাকিবের এজেন্ট রব অ্যাশওয়েল।
একসময় ইয়ান বোথাম, ইমরান খান এবং কপিল দেবের মতো বিখ্যাত ক্রিকেটাররা খেলেছেন ওরস্টারশায়ারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএমএইচ/এসকে/এসি/১৮৪০ ঘ.
bdnews24