ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে মঙ্গলবার জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তবে বিকেএসপিতে মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয়েছে সিসিএস ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচ।
কলাবাগান ১৭৫ রানে হারিয়েছে বিকেএসপিকে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৯ উইকেটে ২৭৬ রান করে কলাবাগান। নাজমুস সাদাত ৮৬, গোলাম মাবুদ ৬৬, মোহাম্মদ জাহিদ ৬০ ও আরিফুল হক ৪৯ রান করেন। জবাবে ১০১ রান তুলেই অল-আউট হয়ে যায় বিকেএসপি।
ওদিকে, ভিক্টোরিয়া ৩ উইকেটে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৭৪ রানেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএস। ৩টি করে উইকেট পান আবুল বাসার এবং আরসালান মীর, দুটি করে উইকেট পেয়েছেন আরাফাত সালাউদ্দিন ও মনির হোসেন। তবে সহজ লক্ষ্যে পৌঁছাতেও ২৯.৪ ওভারে ৭ উইকেট হারাতে হয় ভিক্টোরিয়াকে। ডলার মাহমুদ ও রুবেল হোসেন দুটি করে উইকেট পাওয়ায় জয় এতটা কঠিন হয়ে যায় তাদের।
সিসিএস-খেলাঘরের ম্যাচটি বুধবার হবে বলে জানিয়েছে বিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫৮ ঘ.
bdnews24