আহমেদাবাদ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - টেস্ট ক্রিকেট থেকে বিদায়কে স্মরণীয় করে রাখতে চান বিশ্বের সর্বাধিক উইকেট শিকারি মুত্তিয়া মুরালিধরন। এজন্য দু'টি লক্ষ্যও নির্ধারণ করেছেন-প্রথমবারের মতো ভারতের মাটিতে ভারতকে হারানো ও টেস্ট র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে সব টেস্ট খেলুড়ে দেশের ওপরে নিয়ে যাওয়া। ক্রিকেট লিখিয়েদের মতে, এতে টেস্ট ক্রিকেট থেকে তার বিদায় নেয়া সবদিক থেকে পূর্ণতা পাবে। ২০১০ সালের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন মুরালিধরন গত জুলাইয়ে।
মুরালির এই লক্ষ্য পূরণ অবশ্য মোটেও অসম্ভব কিছু নয়। টেস্ট র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা এখন দ্বিতীয় স্থানে, ওপরে আছে শুধু দক্ষিণ আফ্রিকা। তাই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে শ্রীলঙ্কা উঠে যাবে র্যাঙ্কিংয়ের শীর্ষে।
তবে ভারতের মাটিতে শ্রীলঙ্কার সাফল্য বলতে গেলে নেই। গত ২৮ বছরে ১৪টি টেস্টের একটিতেও ভারতকে হারাতে পারেনি তারা।
প্রথম টেস্টকে সামনে রেখে ৩৭ বছর বয়সী মুরালিধরন বলেন, "এটি আমার জন্য বিশেষ একটি সময়। কেননা বিদেশে এটিই আমার শেষ টেস্ট সিরিজ।" প্রথম টেস্ট শুরু হবে সোমবার।
একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি জানেন ভারতের মাটিতে জয় পেতে অসাধ্য সাধন করতে হবে। তারপরও বলেন, "আমরা অতিরিক্ত কোনো চাপ নিচ্ছি না, বরং নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত।"
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার কথা বললেও মুরালি ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাবেন বলে আশা করছেন।
ভারত সফরে শ্রীলঙ্কা তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯০৬ ঘ.
bdnews24