ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আম্পায়ারদের উন্নতির জন্য গত বছর থেকেই বাংলাদেশের আম্পায়ারদের অন্য দেশে কাজের সুযোগ করে দিয়ে আসছে বিসিবি। ২০০৮ সালে শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এনামুল হক মনি ও মাহবুবুর রহমান। এবারও শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এনামুল হক মনি। এবার তার সঙ্গী হচ্ছেন আনিসুর রহমান। ২ ডিসেম্বর তাদের কলম্বো যাওয়ার কথা রয়েছে। সেখানে চারটি প্রথম শ্রেণীর ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশেল এই দুই আম্পায়ার।
বিসিবি জানায়, চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কা থেকেও দু'জন আম্পায়ার ঢাকা আসবেন জাতীয় লিগে চারদিনের ম্যাচ পরিচালনা করতে।
আম্পায়ার বিনিময় নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আম্পায়ার বিনিময় শুধু শ্রীলঙ্কার সঙ্গেই সীমিত থাকবে না। আইসিসির সহযোগী অন্য দেশের সঙ্গেও আম্পায়ার বিনিময় করবো আমরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আশা রাখি আমাদের প্রতিবেশী বাকি দেশগুলোর সঙ্গেও শিগগিরই একটা সমঝোতায় পৌঁছাতে পারবো।"
তিনি আরো বলেন,"আম্পায়ার বিনিময়ে শুধু আম্পায়াররাই উপকৃত হবেন না। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে বিদেশী আম্পায়ার থাকলে ক্রিকেটারদের জন্যও ভালো। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বেশি বেশি ওজর-আপত্তি করার প্রবনতা কমবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯২৬ ঘ.
bdnews24