ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয়ে গেছে বেশ আগেই। ভেন্যু ঠিক রেখে দু'দিন আগে চূড়ান্ত করা হয়েছে খেলার সূচি। বাকি আছে মূল্য নির্ধারণ করে টিকিট বাজারে ছাড়ার বিষয়টি। সেখানেও অনেকটাই এগিয়ে গেছে বিশ্বকাপের যৌথ আয়োজক তিন দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সিনিয়র সহ-সভাপতি ও বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটির কনভেনর মাহবুবুল আনাম বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী বছর (২০১০ সাল) ১৭ ফেব্র"য়ারি বিশ্বকাপের টিকিট বাজারে ছাড়া হবে। ৯ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে টিকিটের মূল্য নির্ধারণ করা হবে।
বিশ্বকাপ আয়োজক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টিকিটের মূল্য ঠিক করবে স্বাগতিক দেশ। মুম্বাইয়ে আয়োজক কমিটির সভা শেষে দেশে ফিরে বুধবার আরো কিছু সিদ্ধান্তের কথাও জানান বিসিবি কর্মকর্তারা। মাহবুবুল আনাম বলেন, বিশ্বকাপে দর্শক টানতে গ্র"প পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই রাখা হয়েছে ছুটির দিনে।
গ্রাউন্ডস কমিটির প্রধান শফিকুর রহমান মুন্না জানান, বাংলাদেশের ভেন্যু নিয়ে কোনো আপত্তি তোলেনি আইসিসি। শুধু স্টেডিয়ামগুলোর অবকাঠামোর উন্নতি করতে বলেছে। আগামী বছর মার্চে দ্বিতীয় দফায় ভেন্যু পরিদর্শনে আসবেন আইসিসির পরিদর্শক দল। তার আগেই সংস্কার কাজ অনেকটা এগিয়ে যাবে বলে আশা করছেন বিসিবি কর্মকর্তারা।
বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালও মনে করেন আইসিসিকে বুঝিয়ে দেয়ার আগে স্টেডিয়ামগুলো আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব,"বিশ্বকাপের সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি জড়িত। সরকার দেশের সুনাম রক্ষায় সব ধরণের উদ্যোগই নেবে। এরই মধ্যে স্টেডিয়াম সংস্কারের জন্য অর্থ বরাদ্দও দেয়া হয়েছে। আশা করি বাকি কাজও হয়ে যাবে।"
এদিকে বাংলাদেশের মূল ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে দোকানগুলো স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দোকানের জায়গা ক্রিকেটের জন্য ব্যবহার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫২ ঘ.
bdnews24