লাহোর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত অধিনায়ক নিয়োগ করা হয়েছে ইউনিস খানকে। কিন্তু আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে হারার পর বিশ্রাম চান তিনি। তাই নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ ইউসুফকে, কামরান আকমলকে করা হয়েছে সহ-অধিনায়ক।
বার্তা সংস্থা এএফপিকে ইউনিস খান জানান, খুব ভাবনা-চিন্তা করেই বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, "আমার ফর্ম ভালো যাচ্ছে না। তাই বিশ্রামের প্রয়োজন। কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তবে আমি এখনো শেষ হয়ে যাইনি। আমি ঠিকই ফিরে আসবো।"
এদিকে ইউনিসের বিশ্রাম চাওয়ার ব্যাপারে আপত্তি না জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট বলেন, "পারফর্ম্যান্স ও ফিটনেস বিবেচনা করেই আমরা ইউনিসকে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করেছি। তবে এ মুহুর্তে তিনি বিশ্রাম চাওয়ায় আমরা তাতে আপত্তি করিনি।" এ সময় পাকিস্তান ক্রিকেটে নতুন করে গোলযোগ সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেন পিসিবি চেয়ারম্যান।
প্রথম ম্যাচ জেতার পরও পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ২-১-এ সিরিজ হারায় ইউনিস খানের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সে দেশের পত্রপত্রিকায়। বিভিন্ন খবরে বলা হয়, দলের সদস্যদেরও আস্থা হারিয়েছেন ইউনিস।
বৃহস্পতি ও শুক্রবার দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর পাকিস্তান রোববার নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। এ সফরে তিনটি টেস্ট খেলবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৪৩ ঘ.
bdnews24