ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে মঙ্গলবার জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও ক্রিকেট কোচিং স্কুল। এবারের আসরে মোহামেডান এবং আবাহনীর জয়ে এখনো ছেদ পড়েনি।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে ১০৭ রানে হারিয়েছে আবাহনী। আগে ব্যাট করে ৪৩ দশমিক ৩ ওভারে ১৭১ রানে অল-আউট হয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ৪২ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ৩টি উইকেট নেন ওল্ড ডিওএইএসের নাজমুল ইসলাম। জবাবে নাসির হোসেন ও মোহাম্মদ রফিকের মারাত্মক বোলিংয়ে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস। রফিক ও নাসির দুজনই নেন তিনটি করে উইকেট।
এদিকে বিকেএসপি মাঠে পারটেক্সকে ৩৬ রানে হারিয়েছে মোহামেডান। আফতাব আহমেদ ৭০, মার্শাল আইয়ুব ৫৬ ও ফসাল হোসেন অপরাজিত ৬৮ রান করায় ৫ উইকেটে ২৪৭ রান তোলে মোহামেডান। জবাবে লড়াইটা খারাপ করেনি পারটেক্স। ইনিংসের ১ বল বাকি থাকতে শেষ উইকেট হারানোর আগে ২১১ রান তোলে তারা। মাহাবুব আল ৩০, রেজাউল হক ৩৩ ও ওয়াসকোরোনি ৩৬ রান করেন। ১০ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মার্শাল আইয়ুব।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুল ৫ উইকেটে হারিয়েছে সূর্য্যতরুণ ক্লাবকে। টস জিতে ৪৮ দশমিক ১ ওভারে সব কয়টি উইকেট হারানোর আগে ১৫৮ রান করে সূর্য্যতরুণ। ৩ টি করে উইকেট নেন এসকে রাসেল ও আতিকুর রহমান। জবাবে আতিকুর রহমানের ৫৮ ও নাজমুল হোসেনের অপরাজিত ৫২ রানের সুবাদে ৪৪ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ক্রিকেট কোচিং স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৮ ঘ.
bdnews24