২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়েও পারলেন না আমের-আজমল, সিরিজ নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। কিন্তু মোহাম্মদ আমের (৭৩*) এবং সায়ীদ আজমলের (৩৩) শেষ উইকেটে রেকর্ড ১০৩ রানের জুটি জয়ের একেবারে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিল তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

আবুধাবি, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। কিন্তু মোহাম্মদ আমের (৭৩*) এবং সায়ীদ আজমলের (৩৩) শেষ উইকেটে রেকর্ড ১০৩ রানের জুটি জয়ের একেবারে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিল তাদের। ম্যাচের শেষ ওভারের প্রথম বলে আজমল আউট হয়ে গেলে শেষ পর্যন্ত ২০৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ৭ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নেয় নিউজিল্যান্ড। দুই উদ্বোধনী ব্যাটসম্যান পাকিস্তানকে ৪৭ রান এনে দিলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা সেই সুবিধাটা ধরে রাখতে পারেননি। খালেদ লতিফকে (১৯) ভেট্টোরি এলবিডব্লুর ফাঁদে ফেলে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙ্গে দেন। এর কিছু পরে সালমান বাট (২৫) হয়ে যান রান আউট। পাকিস্তানের স্কোর তখন ১১ ওভারে ২ উইকেটে ৫১। এরপর রীতিমতো যাওয়া আসার পালায় যোগ দেন অধিনায়ক ইউনিস খান (৩), শোয়েব মালিক (১১), উমর আকমল (১২), শহীদ আফ্রিদি (৫), কামরান আকমল (৪), আব্দুর রাজ্জাক (০) এবং উমর গুল (৬)। এরপরই মূলত শুরু হয় মোহাম্মদ আমের আর আজমলের অবিশ্বাস্য এক লড়াই। ভেট্টোরির করা এক ওভারে পরপর তিনটি ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন আমের। শুধু তাই নয়, সাতটি চার এবং তিন ছক্কায় সাজানো আমেরের ৮১ বলে হার মানা ৭৩ রানের ইনিংসটিও স্পর্শ করে নতুন এক বিশ্ব রেকর্ড। দশম ব্যাটসম্যান হিসাবে এটাই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ইনিংস। আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের ডগি ম্যারিলিয়ারের। ২০০২ সালে ফরিদাবাদে ভারতের বিপক্ষে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন তিনি। আজমলও খেলেন ৩৩ রানের দারুণ এক ইনিংস। কিন্তু তীরে এসে তরী ডোবার মতোই জ্যাকব ওরামকে মারতে গিয়ে কাইল মিলসের তালুবন্দি হন এবং সেইসঙ্গে হাতছাড়া করেন অবিশ্বাস্যভাবে ম্যাচ জয়ের অনন্য এক সুযোগ। পাশাপাশি ওয়ানডেতে দশম উইকেট জুটির বিশ্বরেকর্ডটাও হাতছাড়া হয় অল্পের জন্য। আমের-আজমল থেমেছেন ১০৩ রানে। অথচ ১৯৮৪ সালে ম্যানচেস্টারে ওয়েস্টইন্ডিজের ভিভ রিচার্ডস ও মাইকেল হোল্ডিং ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রান করে অবিচ্ছিন্ন ছিলেন। তার মানে, মাত্র ৩ রানের জন্য বিশ্বরেকর্ড ছুঁতে পারেনি আমের-আজমল জুটি। নিউজিল্যান্ডের পক্ষে ওরাম ২০ রানে ৩টি এবং সাউদি ২৬ রানে নেন ২ উইকেট। ভেট্টোরি, শেন বন্ড ও কাইল মিলস পেয়েছেন ১টি করে উইকেট। এর আগে সায়ীদ আজমলের ঘূর্ণি বলে ২১১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যাল্ড। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন ম্যাককুলামের অর্ধ শতকের উপর ভর করে শুরুটা ভালোই করেছিল তারা। শোয়েব মালিকের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ছয়টি চার এবং তিনটি ছক্কার মারে ৭৬ রান করেন ম্যাককুলাম। নিউজিল্যান্ডের দলীয় রান তখন ৩ উইকেটে ১৩৮। কিন্তু দলীয় ১৬৪ রানের মাথায় স্কট স্টাইরিস রানআউট হয়ে সাজঘরে ফেরার পরই ধস নামে ইনিংসে। দলকে ১৮৭ রানে রেখে রস টেলর (৪৪) সাজঘরে ফিরলে তিন রানের মধ্যে ব্র"ম (০) এবং ভেট্টরিও (১৫) তাকে অনুসরণ করেন। মাত্র ৭৩ রানে শেষ ৮টি উইকেট হারায় নিউজিল্যান্ড। আজমল ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া মোহাম্মদ আমের ২টি, উমর গুল, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক একটি করে উইকেট নেন। দারুণ ব্যাটিং পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কার জোটে মোহাম্মদ আমেরের ভাগ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/০২১৬ ঘ.