ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে রোববার জয় পেয়েছে বিমান বাংলাদেশ, কলাবাগান ক্রীড়া চক্র ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিমান ১৭ রানে হারায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। আগে ব্যাট করে মোহাম্মদ আজিম ও রেজাউল করিমের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৯২ রানেই অল-আউট হয় বিমান। মোহাম্মদ শফিউল্লাহ ৬২ ও ইমরান আহমেদ ২৫ রান করেন। আজিম ও রেজাউল ৩টি করে উইকেট নেন। জবাবে ৪৮.২ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে পারটেক্স। গাজী সালাউদ্দিন ৩৪, রেজাউল হক ৩৩ ও তারিক আহমেদের ব্যাট থেকে আসে ২৫ রান। ৩টি উইকেট নেন তারিক আজিজ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কলাবাগান ৮৭ রানে হারিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্সকে। আগে ব্যাটিংয়ে নেমে গোলম মাবুদ ৩২, অধিনায়ক জাভেদ ওমর ৪৭, রকিবুল হাসান ৩২ ও মোহাম্মদ জাহিদের ৪০ রানের সুবাদে ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে কলাবাগান। ৩টি উইকেট নেন গাজী ট্যাংকের আব্দুর রাজ্জাক। জবাব দিতে গিয়ে ১৪৮ রানেই সব উইকেট হারিয়ে বসে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ৫৬ রান করেন অধিনায়ক অলক কাপালি। কলাবাগানের পেসার শাহাদাত হোসেন, স্পিনার এনামুল হক জুনিয়র, রকিবুল হাসান ও ফরিদউদ্দিন মাসুদ ২টি করে উইকেট নেন।
এছাড়া বিকেএসপি মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ২২ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। আরমান হোসেনের ৫০ ও আবুল বাশারের ৩৬ রানের সুবাদে ৮ উইকেটে ২১৭ রান তোলে ভিক্টোরিয়া। জবাবে ৪৮.৫ ওভারে ১৯৫ রানে অল-আউট হয় খেলাঘর। মাসুম খান ৩২ ও এনামুল হক ৪০ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২২০ ঘ.
bdnews24