সিডনি, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের যেন দুশ্চিন্তার শেষ নেই। ভারত সফরে চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন পাঁচ ক্রিকেটার। এবার চোট সমস্যা ছড়িয়ে পড়েছে হোম সিরিজেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্যাবায় প্রথম টেস্টে নাও খেলতে পারেন মাইকেল ক্লার্ক। একথা জানিয়েছেন অসি ফিজিও অ্যালেক্স কাউন্টরিস নিজেই।
বহুদিন ধরেই পিঠের সমস্যায় ভূগছেন ক্লার্ক। এ কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন। সেপ্টেম্বর থেকে নেটে অনুশীলনও করছেন না তিনি।
এরই মধ্যে সুসংবাদের কথা রিকি পন্টিংকে শুনিয়েছেন পিটার সিডল। প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন বলে আশা করছেন তিনি। কিন্তু পন্টিংয়ের দুশ্চিন্তা কাটছেই না তার ফাস্ট বোলিং ব্যাটারি নিয়ে। বলেছেন, এটি নিঃসন্দেহে খুবই উদ্বেগের বিষয়।
ক্লার্ক ৫২ টেস্টে ৪৯.৩৫ গড়ে ৩,৬৫২ রান করেছেন। ৪,৯৪৫ রান করেছেন ১৬৩টি একদিনের ম্যাচে। এছাড়া টেস্টে ১৯ ও ওয়ানডেতে ৫২টি উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজের সফর শুরু হবে ২৬ নভেম্বর, ব্রিসবেনে টেস্ট ম্যাচ দিয়ে। শেষ হবে সিডনিতে, দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ২৩ ফেব্র"য়ারি।
ভারত সফরে চোট সমস্যায় পড়েছেন ব্রেট লি, উইকেটরক্ষক টিম পেইন, অলরাউন্ডার জেমস হোপস, পেসার পিটার সিডল ও মইসেসে হেনরিকস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর
bdnews24