চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। আহত হয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল (১*)। একটু পরে আশরাফুলও (৫) রান আউট। পরে জুনায়েদ (১৯), রাকিবুল (৩১), মুশফিকুর (২৩) এবং অধিনায়ক সাকিবও (২০) ফিরে যাওয়ায় জয়ের গন্ধ পেতে শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু ১০৫ রানে ৫ উইকেট হারানোর পরও অবস্থা অনেকটা সামলে নিয়েছেন নাঈমুল ইসলাম (২৮*) এবং মাহমুদুল্লাহ্ (২২*)। ১৭৪ রানে ৬ উইকেট হারানোর পর আর ১৩ রান যুক্ত হতেই আরো তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৪৬ ওভারে রান দাঁড়িয়েছে ৯ উইকেটে ১৯৫। তাই ম্যাচের নিয়ন্ত্রণ বলতে গেলে চলে গেছে জিম্বাবুয়ের অনুকুলে।
সকালে আব্দুর রাজ্জাক, মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান -- এই তিনজনের মধ্যে দারুণ এক প্রতিযোগিতা শুরু হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ পর্যন্ত অবশ্য লড়াইটা হয়ে যায় ব্রেন্ডন টেলর বনাম বাংলাদেশের। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়ে সে লড়াইয়ে টেলর অনেকটাই সফল। তার ১২৫ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো অপরাজিত ১১৮ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান করে ফেলে জিম্বাবুয়ে। সাকিব ২৯, রাজ্জাক ৪৩ এবং মাহমুদুল্লাহ ৬৫ রানে ৩টি করে উইকেট না নিলে হয়তো আরো বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতো তারা।
বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নামার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। প্রথমে রাজ্জাক, তারপর রিয়াদ এবং রিয়াদের পর সাকিব পাল্লা দিয়ে বিদায়ের পথ দেখাতে থাকেন ব্যাটসম্যানদের। ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল ম্যাচের ষষ্ঠ ওভারে। জুনায়েদকে ক্যাচ দিয়ে ফিরে যান ভারমুলেন (৭)। অষ্টম ওভারে মাসাকাদজাও প্যাভিলিয়নে ফেরেন একইভাবে, বোলার সেই রাজ্জাক এবং বল যায় সেই জুনায়েদের হাতেই। স্কোর তখন ২ উইকেটে ১৮।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন ব্রেন্ডন টেলর এবং চিগুম্বুরা। কিন্তু জুটিতে ৬২ রান তোলার পর ৩৮ বলে ৩৮ রান করা চিগুম্বুরা মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে হয়ে যান মাহমুদুল্লাহর প্রথম শিকার। তার দ্বিতীয় ও তৃতীয় শিকার হতে ওয়ালার (০) এবং মাতসিকেনেরিও (৮) দেরি করেননি। বাকিটা সাকিব বনাম টেলরের লড়াই। টেলর আপ্রাণ লড়েছেন দলকে মোটামুটি লড়াই করার মতো একটা সংগ্রহ এনে দিতে। সাকিব একে একে মুতিজয়া (৫), চিবাবা (০) আর ক্রেমারকে (১০) ফিরিয়ে দেয়ায় দেড়শ'র মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছিল জিম্বাবুয়ে। অষ্টম উইকেট পড়েছিল ১৪৫ রানে। পরের উইকেটে ক্রেমারের (১০) সঙ্গে ৫৪ রান তুলে সে আশঙ্কা দূরে ঠেলেন টেলর। ডান-হাতি এই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ্র করা শেষ ওভার থেকে ১৯ রান নিয়ে জিম্বাবুয়েকে জয়ের স্বপ্ন দেখান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/টিআর/১৭১৭ ঘ.
bdnews24