২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয় নিশ্চিত করেছি, এটাই আসল কথা : সাকিব

জিতলে দোষ খোঁজার দরকার হয় না। ঘুরে ফিরে তখন সবার মুখেই ফেরে সাফল্যের গান। সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়কও তাই পিচ কিউরেটর ও ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় থেকে মুক্তি দেয়ার চেষ্টা করলেন ওই জয়ের কথা বলেই। তারপরও একদিনের ক্রিকেটে এমন ম্যাচ প্রত্যাশিত কিনা তার উত্তর দিতেই হলো অধিনায়ককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিতলে দোষ খোঁজার দরকার হয় না। ঘুরে ফিরে তখন সবার মুখেই ফেরে সাফল্যের গান। সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়কও তাই পিচ কিউরেটর ও ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় থেকে মুক্তি দেয়ার চেষ্টা করলেন ওই জয়ের কথা বলেই। তারপরও একদিনের ক্রিকেটে এমন ম্যাচ প্রত্যাশিত কিনা তার উত্তর দিতেই হলো অধিনায়ককে। সাকিব তখন অবশ্য এমন উইকেটকে সমর্থন করলেন না,"একদিনের ক্রিকেটে কখনোই এমন হওয়া উচিৎ নয়। ২৪০ থেকে ২৬০ রান হলে আদর্শ ম্যাচ বলা যায়। এই উইকেটে সেটা অসম্ভব ব্যাপার। তবে যা-ই বলেন আমরা জিতেছি এবং সিরিজ নিশ্চিত করতে পেরেছি, এটাই আসল কথা।" উইকেটে বল এতটা ঘুরবে তা ভাবতেও পারেননি স্বাগতিক দলের ক্রিকেটাররা। জিম্বাবুয়েতো একপ্রকার অন্ধকারে থেকেই খেলতে নেমেছিলো। তবে সব কিছুর পরও একে ক্রিকেটের অংশ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক,"স্পিনাররা তো টার্ন পাচ্ছিলোই পেস বলও 'স্কিড' করছিল। এতে অবশ্য আমাদের জন্য ভালোই হয়েছে, বোলাররা খুবই ভালো করেছে। তবে ব্যাটিংয়ের সময় চার উইকেট পড়ে যাওয়া মোটেই ঠিক হয়নি।" উইকেট কেন এমন বিরূপ আচরণ করেছে সে সম্পর্কে নিজের একটা ধারণার কথাও বলেছেন সাকিব,"উইকেটে ময়েশ্চার ছিল। খেলা শুরুর বেশ আগে পিচ কাভার সরিয়ে নেয়ায় কিছুটা কুয়াশাও পড়েছে, এতেই উইকেট বদলে গেছে।" তিনটি করে উইকেট পাওয়া সাকিব আল হাসান এবং এনামুল হক জুনিয়র নন, ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন পেসার নাজমুল হোসেন। ৬ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাহাতি এই পেসার। টার্নিং উইকেটে নাজমুলই জিম্বাবুয়ের ইনিংসের ভিত নড়বড়ে করে দিয়েছিলন পরপর দু ওভারে হ্যামিলটন মাসাকাদজা ও চার্লস কভেন্ট্রিকে ফিরিয়ে। সাকিবও তাই নাজমুলের প্রশংসা করলেন আলাদাভাবে,"দলে চার জন পেসারের মধ্যে নাজমুল ভাই-ই সেরা। তিনিই এই মুহূর্তে পেসারদের বাঁচিয়ে রেখেছেন। আমাদের যে দু'জন বাঁহাতি পেসার আছে তার মধ্যে তিনিই সবচেয়ে নিয়ন্ত্রিত বল করেন।" ম্যাচ সেরা হওয়ায় নাজমুল হোসেন খুব খুশি," খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করি পরিশ্রমের ফল পেতে। দুটো ম্যাচেই ভালো বল করতে পেরেছি, চেষ্টা করবো ধারাবাহিক হতে।" এ ম্যাচ জিতে সিরিজে ফিরতে চেয়েছিলেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিলটান মাসাকাদজা। হয়েছে উল্টোটা। চতুর্থ ম্যাচে ব্যর্থতার দায় কিছুটা ব্যাটসম্যানদের আর বাকিটা উইকেটকে দিলেন,"বড় ইনিংসের জন্য ভালো উইকেট লাগে। চট্টগ্রামের উইকেট খুবই খারাপ ছিল। তারওপর ব্যাটসম্যানরাও ভালো করেনি, আমি খুবই হতাশ।" এক ম্যাচ আগেই সিরিজ খোয়ানোর পরও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রেরণা হিসেবে পঞ্চম ও শেষ ম্যাচ জিততে চায় জিম্বাবুয়ে। মাসাকাদজা বললেন,"এখানে আসার আগে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। শুরুটাও ভালো ছিল। কিন্তু পরে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। উজ্জীবিত হওয়ার জন্য শেষ ম্যাচটা আমরা জিততে চাই।" বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচটিও হবে চট্টগ্রামে, আগামী বৃহস্পতিবার। পরের দিন, অর্থাৎ ৬ নভেম্বর জোহানেসবাগ রওনা হবে জিম্বাবুয়ে দল। সেখানে ৮ নভেম্বর থেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে ওয়েনডে সিরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৭৫০ ঘ.