নয়া দিল্লি, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো দলে ডাকা হয়েছে দীনেশ কার্তিককে। তবে তার মাঠে নামা নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে চোট পাওয়া উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভিরের মধ্যে একজন মাঠে নামার মতো পুরোপুরি সেরে উঠতে না পারলে মোহালিতে চতুর্থ ম্যাচে দলের পক্ষে ব্যাটিং উদ্বোধন করতে হতে পারে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এন শ্রীনিবাসন বলেন, "দীনেশ কার্তিক মোহালিতে দলের সঙ্গে যোগ দেবেন। চোট নিয়ে দিল্লিতে তৃতীয় ম্যাচে খেলেছিলেন শেবাগ ও গৌতম। তারা মোহালিতে খেলতে পারবেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ২ নভেম্বর, ম্যাচ শুরুর আগে।"
দিল্লি ম্যাচে পিটার সিডলের ইয়র্কারে পায়ে চোট পান শেবাগ। আর রিকি পন্টিংয়ের পুল গম্ভিরের গলায় লাগে। তবে সেই ব্যথা এখনো সারেনি।
সাত ম্যাচের সিরিজে ভারত ২-১ এ এগিয়ে আছে।
কার্তিক ৩৩টি একদিনের ম্যাচে ২৩.৯০ গড়ে ৫০২ রান করেছেন। মোহালিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বদলে উইকেটর পেছনেও দাঁড়াতে হতে পারে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮০৪ ঘ.
bdnews24