২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে কম খেলা উচিত টেন্ডুলকারের : বোর্ডার

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২০ বছর পার করে দিলেন শচীন টেন্ডুলকার। অনেকেই হয়তো ভাবছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। কিন্তু অ্যালান বোর্ডার মনে করেন চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছুদিন দাপটের সঙ্গেই থাকতে পারেন টেন্ডুলকার। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের একটাই পরামর্শ -- টেন্ডুলকারের উচিত একদিনের আন্তর্জাতিক ম্যাচ কম খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

নতুন দিল্লি, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২০ বছর পার করে দিলেন শচীন টেন্ডুলকার। অনেকেই হয়তো ভাবছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। কিন্তু অ্যালান বোর্ডার মনে করেন চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছুদিন দাপটের সঙ্গেই থাকতে পারেন টেন্ডুলকার। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের একটাই পরামর্শ -- টেন্ডুলকারের উচিত একদিনের আন্তর্জাতিক ম্যাচ কম খেলা। শুক্রবার অ্যালান বোর্ডার বার্তাসংস্থা পিটিআইকে বলেন, "টেন্ডুলকার সম্পর্কে আমার ধারণা অনেক উঁচু। তবে একদিনের ম্যাচ কম খেলানো হলে তা তার জন্যে তো বটেই, ভারতের জন্যও ভালো হতো। এতে আরো লম্বা হতো তার টেস্ট-জীবন।" এরই মধ্যে বর্ণাঢ্য ক্রিকেট জীবনে বলতে গেলে সবই পাওয়া হয়ে গেছে শচীন রমেশ টেন্ডুলকারের। একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের অধিকারী নিজেও বলে থাকেন, টেস্ট ক্রিকেটেই বেশি মনযোগী হতে চান। এজন্য দেশের হয়ে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট আর খেলছেন না। টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ১৬ বছর বয়সে, ১৯৮৯-এর ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে। সেই থেকে ১৫৯ টেস্টে ৫৪.৫৮ গড়ে রান করেছেন ১২,৭৩৭। ১৬,৯২১ রান করেছেন ৪৩২টি একদিনের ম্যাচে। বোলিংয়েও তার সাফল্য অনেকের জন্যই ঈর্ষনীয়। টেস্টে ৪৪ উইকেট, যা একজন ব্যাটসম্যানের জন্য খুব কম একেবারেই নয়। তবে ওয়ানডেতে বোলার টেন্ডুলকার অনেক উজ্জ্বল। সেখানে পেয়েছেন মোট ১৫৪টি উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এএমএইচ/টিআর/এসি/২২৫৫ ঘ.