২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে আর সুযোগ দিতে চায় না বাংলাদেশ

'দুটো ম্যাচ জেতা থাকলে চট্টগ্রামে বাংলাদেশকে চাপে রাখা যাবে। আমরাও স্বস্তিতে থাকব ' কথাটা জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজার। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের হারাতে এখন যেন আরো বেশি মরিয়া তারা। সিরিজ নির্ধারণী না হলেও শনিবারের ম্যাচ তাই হয়তো বাড়তি উত্তাপ ছড়াবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দুটো ম্যাচ জেতা থাকলে চট্টগ্রামে বাংলাদেশকে চাপে রাখা যাবে। আমরাও স্বস্তিতে থাকব ' কথাটা জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজার। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের হারাতে এখন যেন আরো বেশি মরিয়া তারা। সিরিজ নির্ধারণী না হলেও শনিবারের ম্যাচ তাই হয়তো বাড়তি উত্তাপ ছড়াবেই। এগিয়ে যাওয়ার পর পিছিয়ে পড়ার কষ্ট যাতে না পেতে হয় জিম্বাবুয়ে এখন সে ভাবনায় মশগুল। তাই বাংলাদেশকে হারানোর মোক্ষম উপায়গুলো খুঁজছেন তারা। শুক্রবার অনুশীলন শেষে সে ইঙ্গিতই দিয়েছেন প্রসপার উৎসেয়ার অনুপস্থিাতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাসাকাদজা, "সাকিব এবং রাজ্জাকের ভিডিও চিত্র আমরা অনেকবার দেখেছি। এই দু'জনকে অকার্যকর করতে পারলেই সুবিধা পাবো। তাদের জন্য ফাঁদ পেতে রাখবো আমরা।" তবে বাংলাদেশেল পরিকল্পনা আরো সুদূরপ্রসারী। সিরিজের বাকি সব ম্যাচই জিততে চায় সাকিব আল হাসানের দল। সাফল্যে ছেদ টানার সুযোগ না দিয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙ্গে দেয়াই এখন লক্ষ্য। তামিম ইকবাল বললেন," প্রথম ম্যাচ হারার পর আমরা মানসিকভাবে পিছিয়ে ছিলাম। এবার ওরা মানসিক চাপে থাকবে। সে সুযোগই নেব আমরা।" প্রতিপক্ষের দর্বলতার সুযোগ নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে নিজেদের ভালো খেলাটাই জরুরী মনে করেন তামিম,"প্রতিদিন রাজ্জাক ভাই পাঁচ উইকেট নেবেন না। সাকিব-রকিবুলও প্রতিদিন ম্যাচ জেতাবে না। আমার মতে, টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে অবশ্যই নিয়মিত রান করা উচিৎ।" এদিকে সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন তার দলের সাফল্যের ব্যাপারে বেশ নির্ভার। তার মতে সিরিজ জয়ের সম্ভাবনায় বাংলাদেশই এগিয়ে, " আমরা অবশ্যই জিম্বাবুয়ের চেয়ে ভালো দল। আমাদের ক্রিকেটাররা স্কিলে ওদের চেয়ে অনেক এগিয়ে। বড় কোনো ভুল না হলে সিরিজের বাকি ম্যাচগুলো আমরাই জিতবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫২ ঘ.