ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আব্দুর রাজ্জাকের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১৯ রানে গুটিয়ে গিয়েছিল তারা। অধিনায়ক সাকিব আল হাসানের ৬৯ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো অপরাজিত ১০৫ রানের ঝড় উড়িয়েই দিলো জিম্বাবুয়েকে। ২১ দশমিক ৩ ওভার হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে।
বাংলাদেশ ইনিংসের শুরুর ঝড়টা তোলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। জুটিতে মাত্র ৩ ওভার পাঁচ বলে ৪৪ রান তুলে আউট হয়ে যান জুনায়েদ। এলটন চিগুম্বুরাকে ফিরতি ক্যাচ দেয়ার আগে মাত্র ১২ বলে ২৩ রান করেন তিনি। তামিম ইকবাল করেন ১৯ বলে ২৬। এরপর ৩ রান করে মোহাম্মদ আশরাফুলও বিদায় নেওয়ায় হাল ধরতে হয় সাকিব ও রকিবুল হাসানকে। এই জুটি আর ভাঙ্গতে পারেনি জিম্বাবুয়ে। সাকিবকে তার চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি এবং দলকে সিরিজে সমতা ফেরানো জয় এনে দিতে হার না মানা ৩৯ রানের ইনিংস খেলেন রকিবুল।
সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে অনায়াসেই বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন মাসাকাদজা আর চিবাবা। কিন্তু স্কোর যখন ৫৯ তখনই মাসাকাদজাকে (৩১ বলে ৩৪) এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাঈম ইসলাম। তারপর টেলরের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে তোলেন চিবাবা। ওই ৯৬ রানেই একে একে ফিরে যেতে হয় চিবাবা (৩৯), টেলর (২১) ও কভেন্ট্রিকেও (০)। ১ উইকেটে ৯৬ থেকে দেখতে দেখতেই স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৯৬! চিবাবাকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তারপরই আব্দুর রাজ্জাকের জোড়া আঘাত। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে অবশ্য বিপদ অনেকটাই সামলে নিয়েছিল জিম্বাবুয়ে। টাইবুর সঙ্গে মিলে দলকে ৩৪ রান এনে দেয়ার পর আশরাফুলের দ্বিতীয় শিকার হন কভেন্ট্রি। ষষ্ঠ উইকেটে ওয়ালার-টাইবু জুটি তোলে ৫৪ রান। টাইবুকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন নাঈম ইসলাম। ইনিংসের বাকি সময়টা রাজ্জাকময়। ৯ ওভার ২ বলে ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বড় স্কোর গড়ার স্বপ্ন ধূলোয় মিশিয়ে দেন তিনি। এছাড়া দু'টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আশরাফুল ও নাঈম ইসলাম। অন্য উইকেটটি অধিনায়ক সাকিব আল হাসানের।
সাকিবের দুর্দান্ত সেঞ্চুরির পরও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২০২ ঘ.
bdnews24