চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু চট্টগ্রামের জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন আইসিসির ১১ সদস্যের প্রতিনিধি দল।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুটি স্টেডিয়ামের অবকাঠামোগত অগ্রগতি পরিদর্শন ছাড়াও আবাসন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কেও খোঁজ খবর নেন তারা।
জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেটে চট্টগ্রামের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আইসিসি'র পরির্দশক দল।
জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম পরির্দশন শেষে আইসিসি'র কর্মকর্তা স্যামুয়েল হাসান জানান, সবকিছু পরিকল্পনামতো চললে তাদের মনে হচ্ছে এটা দারুণ একটা ভেন্যু হবে।
বিসিবি'র মিডিয়া কমিটি, চট্টগ্রামের আহবায়ক আলী আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিনিধি দলের সদস্যরা স্টেডিয়াম দুটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন। আবাসন ব্যবস্থার ক্ষেত্রেও তারা মোটামুটি সন্তুষ্ট।
তবে তিনি এ-ও জানান, জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের সংযোগ সড়ক প্রশস্ত করার ওপর জোর দিয়েছেন পরিদর্শকরা।
আইসিসি প্রতিনিধি দলের সদস্যরা তাদের কাজ সেরে বিকালে ঢাকা ফিরে যান।
পরিদর্শক দলের নেতৃত্ব দেন ক্রিস টেটলি। দলের অন্যান্য সদস্যরা হলেন- সামি বার্নি, আরতি ডেভাস, র্যামোস ডি ক্রুজ, এন্ডি এটকিনসন, জন রোডস, ভ্যান ভোরেন, ফিলিপ বেটস, রিচার্ড লেমোটি, রেচেল চার্চ ও ধিরাজ মালহোত্রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসি/২১৫০ ঘ.
bdnews24