২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে চার রানে হার ভারতের

তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম একদিনের ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে চার রানে হার মানতে হয়েছে ভারতকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৯২ রান তোলে। ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ২৮৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

বরোদা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম একদিনের ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে চার রানে হার মানতে হয়েছে ভারতকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৯২ রান তোলে। ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের ইনিংস থেমে যায় ৮ উইকেটে ২৮৮ রানে। রিলায়েন্স স্টেডিয়ামে রোববার টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ব্যাট করার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার দেয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৫ রানে বীরেন্দর শেবাগ ও ৪৫ রানে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে হারালেও গৌতম গম্ভিরের ব্যাটিংয়ের ওপর ভর করে সমান তালে রান তুলতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৩৫তম ওভারের প্রথম বলে ১৬৭ রানে গম্ভির আউট হয়ে গেলে ম্যাচের পাল্লা হেলে যায় অস্ট্রেলিয়ার দিকে। ১৮৩ ও ১৮৬ রানের মাথায় সুরেশ রাইনা ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আউট হওয়ার পর মনে হচ্ছিল বেশ বড় রানের ব্যবধানেই হারতে যাচ্ছে ভারত। কিন্তু হারভাজন সিং ও প্রভিন কুমার মাঠে নেমেই মেরে খেলতে থাকেন। ৪৯তম ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরে দুই ব্যাটসম্যান ২০ রান তুললে খেলা অনেকাংশে ভারতের অনুকুলে চলে আসে। শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ৯ রানের। কিন্তু ৫০তম ওভারের দ্বিতীয় বলে হারভাজন সিং আউট হয়ে গেলে শেষ হয়ে যায় ভারতের আশা-ভরসা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ওয়ানডাউন গৌতম গম্ভির। ৮৫ বল খেলে ৬টি চার ও একটি ছক্কা মারেন তিনি। এছাড়া হারভাজন সিং ৩১ বলে ৪৯, প্রভিন কুমার ৩২ বলে ৪০ ও ধোনি করেন ৪৬ বলে ৩৪ রান। অস্ট্রেলিয়ার পক্ষে দু'টি করে উইকেট নেন শেন ওয়াটসন ও মিচেল জনসন। এর আগে মাত্র ৫ রানে শেন ওয়াটসনের উইকেটটি খোয়ানোর পর টিম পেইন ও রিকি পন্টিং দ্বিতীয় উইকেট জুটিতে ৯৭ রান তুলে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অনেকখানি। এরপর দলের অবস্থা ধীরে ধীরে সুসংহত করেন মিডল-অর্ডার ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক পন্টিং। ৮৫ বল খেলে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ার আগে ৮টি চার ও দু'টি ছক্কা মারেন তিনি। এছাড়া উইকেট রক্ষক টিম পেইন ৬২ বলে ৫০ ও ক্যামেরোন হোয়াইট ৬৮ বলে ৫১ রান করেন। অত্যন্ত মারমুখি ব্যাট করেন মাইক হাসি। ৫৪ বলে করেন ৭৩। তিনি তার ইনিংসটি সাজান ৮টি চার একটি ছক্কা দিয়ে। ঋারতের মহেন্দ্র সিং ধোনি ঘুরিয়ে-ফিরিয়ে ছয় বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে ইশান্ত শর্মা নেন ৫০ রানে তিন উইকেট। এছাড়া দুই উইকেট নেন আশিষ নেহরা। এই জয়ের ফলে সাত ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪১ ঘ.