২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়ালো জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে দলের প্রস্তুতিটা মন্দ হলো না। প্রথম ম্যাচ হারলেও জয় পেয়েছে একদিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। রোববার বিসিবি একাদশকে ১৯২ রানে হারিয়েছে সফরকারীরা। অবশ্য দ্বিতীয় ম্যাচে পুরো শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে দলের প্রস্তুতিটা মন্দ হলো না। প্রথম ম্যাচ হারলেও জয় পেয়েছে একদিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। রোববার বিসিবি একাদশকে ১৯২ রানে হারিয়েছে সফরকারীরা। অবশ্য দ্বিতীয় ম্যাচে পুরো শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল তারা। ব্যাটসম্যানদের রানে ফেরা, বোলিং আর ফিল্ডিং পরখ করা, সবই হয়েছে এই ম্যাচে। তাই এ জয়কে সাধারণভাবে দেখলে অবমূল্যায়নই করা হবে। এক অর্থে সিরিজ শুরুর আগে নিজেদের গুছিয়ে নেয়ার মহড়া ভালই করেছে জিম্বাবুয়ে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে বিসিবি একাদশের বোলারদের ওপর রীতিমত ঝড় বইয়ে দেন জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। ৯ চার ও ৬ ছক্কা মেরে ১৩৭ বলে করেন ১৩৯ রান। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান টাটেন্ডা টাইবু ৬৮, চিগুম্বুরা ৪৫ ও ওয়ালারের ৩৭ রানের সুবাদে জিম্বাবুয়ে ৫ উইকেটে ৩৩৫ রানের পাহাড় গড়ে তোলে। জবাব দিতে নেমে বেশি দূর এগুতে পারেননি বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। চিভাভা, এমপফু এবং উৎসেয়ার বোলিংয়ে বিসিবি একাদশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। বিসিবি একাদশের কোন ব্যাটসম্যানই ৩০-এর কোঠা পেরোতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ফয়সাল হোসেন। তিন উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের চিভাভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২১ ঘ.