হায়দ্রাবাদ, অক্টোবার ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্রোতের বিপরীতে দাঁড় বেয়ে বেয়েই ফাইনালে উঠে এসেছিল ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (টি অ্যাণ্ড টি)। কিন্তু ফাইনালে আর পারেনি তারা। হেরে গেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ব্লুজের কাছে। আরও নির্দিষ্ট করে বললে টি অ্যাণ্ড টি আসলে হেরেছে ব্রেট লির কাছে। তার অলরাউন্ড নৈপুণ্যের কারণেই ৪১ রানে ম্যাচ জিতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে নিউ সাউথ ওয়েলস।
শুক্রবার হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ফিল্ডিং বেছে নেয়। দীনেশ রামদিনের এ সিদ্ধান্তকে শুরুতে সঠিক প্রমাণ করেছিলেন টিঅ্যান্ডটি বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউ সাউথ ওয়েলসের বড় স্কোর গড়ার স্বপ্ন শুরুতেই হোঁচট খায়। মাত্র ৮৩ রান তুলতেই পড়ে যায় ৬ উইকেট। ঠিক তখনই ব্যাট হাতে ত্রাণকর্তার ভূমিকায় নামেন ব্রেট লি। তার ৩১ বলে ১ চার ৫ ছক্কায় ৪৮ রানের ইনিংসটি দলকে এনে দেয় প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটা স্কোর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে নিউ সাউথ ওয়েলস।
রবি রামপাল মাত্র ২০ রানে ৩ টি আর ডোয়াইন ব্রাভো ২৭ রানে নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে টিঅ্যান্ডটি শুরুতেই সেই ব্রেট লির তোপের মুখে পড়ে। ইনিংসের সূচনা ওভারের দ্বিতীয় বলেই উদ্বোধনী ব্যাটসম্যান পার্কিনসকে(০) বোল্ড করে দেন লি। দ্বিতীয় ওভারের শেষ বলে বারাথকে তুলে নেন স্মিথ। পরের ওভারে সিমন্সকে(৪) সাজঘরে ফেরান ব্রেট লি। তারপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় আর ম্যাচে ফিরতে পারেনি টি অ্যাণ্ড টি। ১৫.৫ ওভারেই ১১৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
১০ রানে ২ উইকেট নেয়ার আগে ব্যাট হাতে ৪৮ রানের দারুণ ইনিংস খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রেট লি।
সংক্ষিপ্ত স্কোর : নিউ সাউথ ওয়েলস: ১৫৯/৯ (লি ৪৮, স্মিথ ৩৩; রামপাল ২০/৩, ব্রাভো ২৭/২)
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ১৫.৫ ওভারে ১১৮ (পোলার্ড ২৬, গঙ্গা ১৯ ; লি ১০/২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮২৫ ঘ.
bdnews24