সিডনি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফুরফুরে মেজাজে আছেন রিকি পন্টিং। কিন্তু ভারতের মাটিতে ভারতকে একটুও খাটো করে দেখছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার মতে, স্বাগতিক ভারতের সঙ্গে লড়াই হবে তীব্র উত্তেজনাপূর্ণ, তাই আগেভাগে কারো গায়ে ফেবারিটের তকমা লাগানো ঠিক নয়।
মুম্বাই পৌঁছার একদিন পর রিকি পন্টিং দল হিসেবে ভারতের প্রশংসা করে বলেন, "আমরা তাদের খাটো করে দেখছি না। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে এক ও দুই নম্বর দল অস্ট্রেলিয়া ও ভারত। তাই লড়াই হবে তীব্র উত্তেজনাপূর্ণ।"
ভারতে ও ভারতের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়া সব সময়ই উপভোগ করে বলেও জানান পন্টিং। বলেন, "গত কয়েক বছরে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার নিয়েছে।"
অস্ট্রেলিয়া ও ভারত -- দু দলই দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে। অস্ট্রেলিয়া গিয়েছিল ইংল্যান্ডকে ৬-১ ম্যাচে হারিয়ে আর ভারত গিয়েছিল শ্রীলঙ্কা থেকে, তিন জাতির টুর্নামেন্ট জিতে। কিন্তু দু'দলদেশে ফিরেছে পুরোপুরি উল্টো ফলাফল নিয়ে। ভারত সেমিফাইনালেই উঠতে পারেনি, অন্যদিকে ট্রফি নিয়ে দেশে ফেরে অস্ট্রেলিয়া।
এবারের ভারত সফরে সাতটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রথমটি হবে ২৫ অক্টোবর বরোদায়। সিরিজের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে ১১ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১০ ঘ.
bdnews24