ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম) - মোহামেডান স্পোর্টিং, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির পর ভাগ্যের জোরেই বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনাল উঠেছে আবাহনী লিমিটেড। সবগুলো ম্যাচ জিতে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। চার ম্যাচ জিতে 'এ' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে খেলাঘর শীর্ষ চারে জায়গা করে নেয়। অন্যদিকে 'বি' গ্রুপ থেকে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স অপরাজিত দল হিসেবে এবং আবাহনী হেড-টু-হেডে সেমিফাইনাল খেলার সুযোগ পায়।
রোববার জয় পেয়েছে মোহামেডান, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, আবাহনী লিমিটেড ও কলাবাগান ক্রীড়া চক্র। নিজেদের শেষ ম্যাচে মোহামেডান ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ বিমানকে। বিকেএসপিকে ৩ রানে হারিয়েছে খেলাঘর। ওল্ড ডিওএইচএসকে ২৭ রানে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, ক্রিকেট কোচিং স্কুলকে ৭ উইকেটে আবাহনী ও সূর্য্যতরুণকে ৬ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।
মোহামেডানের ব্যাটিং-এ পাদপ্রদ্বীপের আলোয় ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। টুর্নামেন্টের শুরু থেকেই বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে আছেন জাতীয় দলের বাঁ-হাতি এই ব্যাটসম্যান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিমের হাত থেকে রেহাই পাননি বিমানের বোলাররাও। ৩৬ বলে অপরাজিত ৭০ রান করে রীতিমতো নাকাল করে ছাড়েন প্রতিপক্ষকে। ১০টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মারেন তিনি। শামসুর রহমান শুভ আউট হওয়ায় আফতাব কিছুটা সময় ব্যাটিংয়ের সুযোগ পান। মাত্র ১৬ বলে ২৪ রান করেন তিনি। ৯ ওভার ৫ বলেই বিমানের ১১৪ রানের লক্ষ্য টপকে যায় মোহামেডেন।
আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ বিমান। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প ছিলো না বিমানের। কিন্তু তাদের আশায় জল ঢেলে দেয় মোহামেডান।
বিমানের পরাজয় এমনিতেই খেলাঘর সমাজ কল্যাণ সমিতির সেমিফাইনাল নিশ্চিত করে দেয়। তার ওপর বিকেএসপিকে ৩ রানে হারিয়ে শীর্ষ চারে নিজেদের জায়গা আরো সুসংহত করে খেলাঘর। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৫ রান করে খেলাঘর। ৪২ বলে ৪০ রান করেন দেলোয়ার হোসেন। জবাবে আরিফ আহমেদের ৪৯ ও সুকুমার সরকারের ৩৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে বিকেএসপি।
গাজী ট্যাঙ্কের জয়ের ধারায় ছেঁদ ফেলতে পারেনি কোন দলই। 'এ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ২৭ রানে হারিয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। গাজী ট্যাঙ্কের ১২২ (৫ উইকেট) রানের জবাবে ৮ উইকেটে ৯৫ (২০ ওভার) রান করে ওল্ডডিওএইচএস।
এদিকে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে আবাহনী লিমিটেড। শেষ ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে ৭ উইকেটে হারিয়েছে তারা। মাঠ ভেজা থাকায় খেলা দেরিতে শুরু হয়। কাটা হয় ওভারও। ফলে ম্যাচটি হয় ১৪ ওভারের। আগে ব্যাট করে ৬ উইকেটে ৭১ রান তোলে ক্রিকেট কোচিং স্কুল। জবাবে রনি তালুকদারের ২৮ ও ইমরুল কায়েসের ২২ রানের ওপর ভর করে ১২ ওভার ৫ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে য়ায় আবাহনী।
মিরপুর স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচটিই ছিলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ফলাফলের ওপরই ঝুলে ছিলো সেমিফাইনালে 'বি' গ্রুপ থেকে কোন দল যাচ্ছে। কলাবাগানকে হারাতে পারলেই হেড-টু-হেডে আবাহনীকে পেছনে ফেলে সেমিফাইনালে যেতো সূর্য্যতরুণ। কিন্তু কলাবাগানের কাছে ৬ উইকেটে হার মানায় সেমিফাইনালে খেলার সুযোগ পায় আবাহনী। আগে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১১৯ রান করে সূর্য্যতরুণ। জবাবে পাঁচ বল বাকি (১২১/৪) থাকতেই লক্ষ্যে পৌঁছে কলাবাগান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫৬ ঘ.
bdnews24