২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজী ট্যাঙ্ক, মোহামেডান, খেলাঘর, ভিক্টোরিয়া ও কলাবাগান জিতেছে

বিগবস টোয়েন্টি টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট টুনার্মেন্টের তৃতীয় দিন শুক্রবার জয় পেয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, মোহামেডান, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ভিক্টোরিয়া ও কলাবাগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগবস টোয়েন্টি টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট টুনার্মেন্টের তৃতীয় দিন শুক্রবার জয় পেয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, মোহামেডান, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ভিক্টোরিয়া ও কলাবাগান। টুর্নামেন্টের প্রথম বড় ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড এবং আইসিএল ফেরত ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। ব্যাট করতে নেমে আবাহনীর রনি তালুকদার ও ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে দলকে এনে দেন দুর্দান্ত সূচনা। ইমরুলের ঝড়ো অর্ধশতকে ১০ ওভারে ৭০ রানের ঘর ছাড়িয়ে যায় আবাহনীর রান। রনি তালুকদার আউট হওয়ার পরই মোড়ক লাগে ইনিংসে। একের পর এক উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত আবাহনীর ইনিংস থামে ৯ উইকেটে ১১০ রানে। জবাবে শাহরিয়ার নাফিসের অপরাজিত অর্ধশতক (৫৮) ও নাঈম ইসলামের অপরাজিত ৩২ রানের ওপর ভর করে ১৯ ওভার ১ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১১১ পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক। ফলে ৭ উইকেটে হার মানতে হয় আবাহনীকে। পারটেক্সকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করে ১৯ ওভার ৩ বলে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় পারটেক্সের ইনিংস। মাত্র ১২ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া নবাগত খেলাঘর ৪ রানে হারিয়েছে শক্তিশালী বাংলাদেশ বিমানকে। টস জিতে খেলাঘরকে ব্যাটিং-এ পাঠায় বিমান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে খেলাঘর। খারাপ আবহাওয়ার কারণে বিমানের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ১৮ ওভারে ৮৯। কিন্তু বিমানের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ৮৪ রানে। ভিক্টোরিয়ার কাছে ৫৯ রানে হেরে টানা তৃতীয় হার মেনে নিতে হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)। আর ভিক্টোরিয়া পেয়েছে টুর্নামেন্টের প্রথম জয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে ভিক্টোরিয়া। জবাবে মোঃ শরীফের হ্যাট্রিকে ১৭ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায় বিকেএসপির ইনিংস। কলাবাগান ২৩ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। বৃষ্টির কারণে কলাবাগান ও ওল্ড ডিওএইচএসের ম্যাচটি হয় ৯ ওভারের। প্রথমে ব্যাট করে ওল্ড ডিওএইচএসকে ৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কলাবাগান। জবাব দিতে গিয়ে ওল্ড ডিওএইচএস-এর ইনিংস থেমে যায় ৮ উইকেট ৫৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/ ঘ.