হায়দ্রাবাদ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে শুক্রবার ডায়মন্ড ঈগলস ৫ উইকেটে সমারসেটকে হারিয়েছে।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং-এ নেমে ইংলিশ ক্লাব সমারসেট ৮ উইকেটে ১৩২ রান করে। জয়ের জন্য ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকান ক্লাব ডায়মন্ড ঈগলস আট বল বাকি থাকতেই ১৩৩ রানের লক্ষ্যে পৌছে যায়। হাতে ছিল পাঁচ উইকেট।
ঈগলসের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৪৭ রান করেন মর্ন ভ্যান উইক। তার ইনিংসে চার রয়েছে চারটি ও ছক্কা একটি। এছাড়া রায়ান বেইলি করেন ২৯। ২৪ বল খেলে চারটি চার মারেন তিনি।
সমারসেটের পক্ষে দু'টি করে উইকেট নেন অ্যালফোনসো টমাস ও চার্ল উইলোবি।
এর আগে ওয়েস ডারস্টনের ৫৭ রানের ওপর ভর করে ১৩২ রান তোলে সমারসেট। ডারস্টন তার ৩২ বলের ইনিংসটি সাজান দশটি চার দিয়ে। এছাড়া জেমস হিলড্রেথ করেন ৪০ বলে ৩১।
ঈগলসের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন কর্নেলিয়াস ডি ভিলিয়ার্স। চার ওভার বল করে ১৭ রান দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/
bdnews24