নয়া দিল্লী, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতার খেসারত দিতে হলো বোলিং কোচ ভেংকটেশ প্রসাদ ও ফিল্ডিং কোচ রবিন সিংকে। বরখাস্ত করা হয়েছে দু'জনকেই।
ভারতের সাবেক পেসার প্রসাদ ক্রিকইনফোকে বলেন, বরখাস্তের কোনো কাগজ-পত্র এখনো তাকে দেয়া হয়নি। তবে তিনি মনে করেন খবরটা সত্যি। এভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে জেনে প্রসাদ স্বাভাবিক কারণেই খুব হতাশ, বললেন, "ভারতীয় দলের জন্য সবটুকু যে উজাড় করে দিয়েছি এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তাই আমি হতাশ ও দুঃখ পেয়েছি। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছি কি ভুল করেছি, যার কারণে আমাকে বরখাস্ত করা হলো।"
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, বোর্ডের কর্মকর্তারা বুধবার এই সিদ্ধান্ত নেন। বরখাস্ত করার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, আইসিসি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ভালো খেলতে না পারাতেই তাদের (প্রসাদ ও রবিন সিং) বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৩৬ ঘ.
bdnews24