ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষকে ঘায়েল করতে আবাহনীর প্রধান অস্ত্র বোলিংই বলতে হবে। উদ্বোধনী দিনে তাদের বোলাররাই কলাবাগান ক্রীড়া চক্রের স্কোরটা বড় হতে দেয়নি। পরের দিন (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে ওল্ডডিওএইচএসও ভালোই টের পেলো আবাহনী বোলারদের উত্তাপ। আবাহনীর কাছে ৪ উইকেটে হেরে গেছে ওল্ডডিওএইচএস। টুর্নামেন্টে তাদের এটি টানা দ্বিতীয় পরাজয়, অন্যদিকে দুই ম্যাচে আবাহনীর টানা দ্বিতীয় জয়।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯৬ রানের বেশি তুলতে পারেনি ওল্ড ডিওএইচএস। আকাশী-নীলের বোলিং তোপের মুখে উইকেট বাঁচাতে গিয়ে রানের চেয়ে অতিরিক্ত বল খরচ করে বসেন ওল্ড ডিওএইচএস'র ব্যাটসম্যানরা। তাই ৪ উইকেট হাতে থাকলেও আবাহনীকে চ্যালেঞ্জ জানানোর মতো রান পায়নি তারা। ফজলে রাব্বি ৩৪ বলে অপরাজিত ৩৯ রান না করলে স্কোরটা হয়তো আরো ছোট হয়ে যেত। নাসির হোসেন ১৪ রানে এবং সুভাশীষ রায় ১৯ রান খরচ করে দু'টি করে উইকেট নেন।
জবাবে রনি তালুকদারের ৪৯ ও নাদিফ চৌধুরীর অপরাজিত ১৭ রান মিলিয়ে ১৮.৪ ওভারে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে আবাহনী। ৬ রানে ২ উইকেট নেন ওল্ডডিওএইচএসের নাজমুল ইসলাম।
অন্যম্যাচে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ১১ রানে হারিয়েছে সূর্যতরুণ ক্লাবকে। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সেরও এটি টানা দ্বিতীয় জয়। সূর্যতরুণের প্রথম হার। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ১১৫ রানে অল-আউট হয় গাজী ট্যাঙ্ক। ফরহাদ হোসেনের ২৩ রানই দলের পক্ষে সর্বোচ্চ। সানজামুল ইসলাম চার ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট এবং আইসিএল ফেরত তাপস বৈশ্য ১৪ রান খরচায় ৪ উইকেট নেন।
তবে সূর্য্যতরুণের বোলারদের কৃতিত্ব ম্লান করে দেন ব্যাটসম্যানরা। ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করতে পারে সূর্য্যতরুণ ক্লাব। এর মধ্যে ইমতিয়াজ হোসাইনই করেন ৪৬ রান। গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের ফরহাদ রেজা ও আব্দুর রাজ্জাক তিনটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৮৫০ঘ.
bdnews24